পিটিআই, এনডিটিভি : যুক্তরাজ্যে ইতিহাস গড়েছেন ভারতের হরিয়ানা থেকে আসা এক মা ও তার ছেলে। দেশটির স্থানীয় সরকার নির্বাচনে তারা দুজনেই মেয়র নির্বাচিত হয়েছেন।
গত রোববার ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। ২০১৩ সালে হরিয়ানার রোহতক থেকে যুক্তরাজ্যে পাড়ি জমায় এই পরিবার। সম্প্রতি ২৩ বছর বয়সি তুষার কুমার এবং তার মা পারভীন রানী মেয়র নির্বাচিত হওয়ায় পরিবারটিতে এখন বইছে আনন্দের জোয়ার। একই সঙ্গে তুষার যুক্তরাজ্যের ইতিহাসে সর্বকনিষ্ঠ ভারতীয় বংশোদ্ভূত মেয়র হওয়ার গৌরব অর্জন করেছেন। তুষার এলস্ট্রি অ্যান্ড বোরহ্যামউড টাউন কাউন্সিলের সর্বকনিষ্ঠ মেয়র নির্বাচিত হয়েছেন। এর ঠিক এক সপ্তাহ পর তার মা পারভীন রানী হার্টসমেয়ার বরো কাউন্সিলের প্রথম ভারতীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে নির্বাচিত হন।
তুষারের বাবা সুনীল দাহিয়া রোববার টেলিফোনে পিটিআইকে জানান, গত ১৩ মে তুষার মেয়র নির্বাচিত হন এবং ২০ মে তার স্ত্রী পারভীন রানী মেয়র হিসেবে দায়িত্ব পান। ব্যবসায়ী দাহিয়া বলেন, ২০১৩ সালে যখন আমি, আমার স্ত্রী ও দুই সন্তান যুক্তরাজ্যে আসি, তখন আমাদের মনে সুনির্দিষ্ট কোনো লক্ষ্য ছিল না। তুষারের বয়স তখন মাত্র ১০ বছর। আজ একই সময়ে এক পরিবারের মা ও ছেলের মেয়র হওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।