মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান অসীম মুনির। এ সময় ইরানের বন্দরগুলোয় যুক্তরাষ্ট্রের জারি রাখা অবরোধ শান্তি আলোচনার জন্য বাধা সৃষ্টি করছে বলে মার্কিন প্রেসিডেন্টকে জানিয়ে দিয়েছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফার আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই এই অবস্থান স্পষ্ট করে তেহরান আরো জানায়, এই মুহূর্তে পরবর্তী কোনো আলোচনার সময়, স্থান বা কাঠামো নিয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই। এছাড়া ইসলামাবাদে আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানে গতকাল সোমবার সন্ধ্যায় পৌঁছানোর কথা। ইতোমধ্যে পাকিস্তানে ৪৮ ঘণ্টায় অন্তত ৬টি মার্কিন বিমান অবতরণ করেছে। ইরানি জাহাজ জব্দে যুক্তরাষ্ট্রকে চীন নিন্দা জানিয়েছে। আল-জাজিরা, রয়টার্স, বিবিসি, তাসনিম।

মার্কিন অবরোধ আলোচনার অন্তরায়, ট্রাম্পকে জানাল পাকিস্তান

ইরানের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান অসীম মুনির। গতকাল সোমবার পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে টেলিফোনে আলোচনা করেছেন পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির। এ সময় ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের জারি রাখা অবরোধ শান্তি আলোচনার জন্য বাধা সৃষ্টি করছে বলে মার্কিন প্রেসিডেন্টকে জানিয়ে দিয়েছেন তিনি।ফোনালাপে ট্রাম্পকে অসীম মুনির বলেন, ‘‘ইরানি বিভিন্ন বন্দরে মার্কিন অবরোধ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় শান্তি আলোচনা শুরুর ক্ষেত্রে বড় বাধা তৈরি করেছে।’’ওই সূত্র বলেছে, ‘‘ট্রাম্প মুনিরকে জানিয়েছেন, তিনি তার এই পরামর্শ বিবেচনা করবেন। ’’সূত্রটি বলেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পাকিস্তানে একটি প্রতিনিধি দল পাঠানোর অনুরোধ জানাতে যোগাযোগ করেছিলেন। তবে পেজেশকিয়ান জানিয়েছেন, অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত ইরান কোনও প্রতিনিধি দল পাঠাবে না।

আলোচনার জন্য জেডি ভ্যান্স পাকিস্তান যাচ্ছেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে নতুন দফা আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল পাকিস্তানে যাবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, তাঁর প্রতিনিধি গতকাল সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছানোর কথা।

এর কিছুক্ষণ পর হোয়াইট হাউস জানায়, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন যে, এই প্রতিনিধিদলে ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারও থাকবেন। তাঁরা আগের দফার আলোচনাতেও উপস্থিত ছিলেন।

তেহরান এখনো আলোচনায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকা অবস্থায় ইরানি কর্মকর্তারা আলোচনায় অংশ নেবেন না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ‘এ মুহূর্তে পরবর্তী দফা আলোচনার কোনো পরিকল্পনা আমাদের নেই এবং এ বিষয়ে কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি।’

এর আগে অনুষ্ঠিত প্রথম দফা আলোচনা প্রায় ২১ ঘণ্টা ধরে চলে। তবে কোনো শান্তিচুক্তিতে পৌঁছানো যায়নি। পারমাণবিক কর্মসূচিসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের অবস্থান তখনো অনেক দূরে ছিল।

ওমান উপসাগরে মার্কিন সামরিক জাহাজ নিশানা করে ইরানের ‘ড্রোন হামলা’

ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ নিশানা করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থার খবরে এই দাবি করা হয়।

এর আগে একই এলাকায় ইরানি পতাকাবাহী একটি কনটেইনার জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

মার্কিন সামরিক জাহাজ নিশানা করে ইরানের চালানো ‘ড্রোন হামলায়’ কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

ইরানি জাহাজ জব্দের পর দেশটির সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল, এই কাজের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এই সশস্ত্র জলদস্যুতার জবাব ইরান দেবে।

আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফার আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এ তথ্য জানিয়েছেন।

নতুন দফার আলোচনা নিয়ে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই এই অবস্থান স্পষ্ট করেছে তেহরান। মুখপাত্র বলেন, ‘এই মুহূর্তে পরবর্তী কোনো আলোচনার সময়, স্থান বা কাঠামো নিয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই।’

ইরানি জাহাজ জব্দে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্রকে চীনের কঠোর নিন্দা

ইরানের জাহাজ জব্দের নিন্দা জানিয়েছে চীন। দেশটি যুক্তরাষ্ট্রের এ ধরনের আচরণকে ‘জোরপূর্বক আটক’ হিসেবে আখ্যা দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীলভাবে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে। গতকাল সোমবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিও জিয়াকুন বলেন, হরমুজ প্রণালির পরিস্থিতি সংবেদনশীল এবং জটিল। সংশ্লিষ্ট পক্ষগুলোকে উত্তেজনা আরও না বাড়িয়ে প্রণালি দিয়ে স্বাভাবিক নৌযান চলাচল পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করতে হবে।

তিনি বলেন, ‘আমরা আশা করি সংশ্লিষ্ট সব পক্ষ দায়িত্বশীল আচরণ করবে, যুদ্ধবিরতি চুক্তি মেনে চলবে এবং উত্তেজনা বৃদ্ধি বা দ্বন্দ্ব আরও তীব্র করা থেকে বিরত থাকবে। হরমুজ প্রণালি একটি আন্তর্জাতিক নৌপথ। এর নির্বিঘœ চলাচল নিশ্চিত করা আঞ্চলিক দেশগুলো ও আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থের বিষয়।

পাকিস্তানে ৪৮ ঘণ্টায় অন্তত ৬টি মার্কিন বিমানের অবতরণ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার জন্য মধ্যস্থতাকারী দেশ হিসেবে তোড়জোর চালিয়ে যাচ্ছে পাকিস্তান। দেশটিতে মার্কিন প্রতিনিধিদল পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের প্রতিনিধিদল পাকিস্তানে যাওয়ার বিষয়টি এখনো অনিশ্চিত।

ওই আলোচনা সামনে রেখে গত ৪৮ ঘণ্টায় অন্তত ৬টি মার্কিন বিমান পাকিস্তানের অবতরণ করেছে বলে জানা গেছে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, অন্তত ছয়টি মার্কিন সরকারের বিমান যোগাযোগের সরঞ্জাম, মোটরকেড সহায়তা এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে পাকিস্তানের বিমান বাহিনীর ঘাঁটি নূর খান-এ অবতরণ করেছে এবং সেখান থেকে ফিরে এসেছে। এর মধ্যে অন্তত দুটি বিমান অবতরণ করেছে, আর বাকি চারটি বিমান গত ৪৮ ঘন্টায় অবতরণ করেছে।