ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেয়ার কোন এখতিয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একটি জাতিকে তার অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে? এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরান যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন করলেও একটি শান্তিচুক্তি সম্ভব বলে তিনি মনে করেন। এছাড়া পাকিস্তান যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে দ্বিতীয় দফার বৈঠকের প্রস্তুতি শুরু করেছে। আগামী শুক্রবারের আগে দ্বিতীয় দফার বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের টু’টি নিরাপত্তা সূত্র। ইতোমধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রতীক্ষিত দ্বিতীয় দফার শান্তি আলোচনা সামনে রেখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাজ সাজ রব পড়ে গেছে। আলোচনার উদ্দেশ্যে গতকাল রোববার ওয়াশিংটনের একটি দল ইসলামাবাদে পৌঁছেছে। আল-জাজিরা, প্রেস ট্রিবিউন, রয়টার্স, মিডল ইস্ট আই, ডন, বিবিসি, তাসনিম নিউজ, সিএনএন।

ইরানকে পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে

ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার কোনো এখতিয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যেই গতকাল রোববার তিনি এ বক্তব্য দেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প ইরানকে তার পারমাণবিক অধিকার ব্যবহার করতে না দেওয়ার কথা বললেও এর পেছনে কোনো কারণ ব্যাখ্যা করেননি। এ প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, ‘ট্রাম্প বলেছেন, ইরান তার পারমাণবিক অধিকার ভোগ করতে পারবে না। কিন্তু ঠিক কী অপরাধের জন্য পারবে না, সেটা তিনি বলছেন না। একটি জাতিকে তার অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?’

অন্যদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে আলোচনা কিছতা এগোলেও এখনো চূড়ান্ত সমঝোতা অনেক দূরে। তিনি বলেন, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খোলা হবে না।

গত শনিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে গালিবাফ বলেন, ‘তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধ’ যুক্তরাষ্ট্রের প্রতারণার মাধ্যমে আলোচনার সময়ই শুরু হয়েছিল। তিনি দাবি করেন, অতীতের সংঘর্ষগুলোও কমান্ডারদের হত্যার মাধ্যমে শুরু হয়েছিল।

তিনি আরও জানান, পাকিস্তানসহ বিভিন্ন দেশের মাধ্যমে পাঠানো প্রস্তাবগুলো ইরানের নিরাপত্তা পরিষদ পর্যালোচনা করেছে এবং তেহরান চাপের মুখে নতি স্বীকার না করে উত্তেজনা বৃদ্ধির বিরুদ্ধে সতর্ক অবস্থান নিয়েছে।

গালিবাফ বলেন, সামরিকভাবে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র পরোক্ষ বার্তা পাঠানোর কৌশল নিয়েছে, তবে যুদ্ধবিরতির পরও ইরান দৃঢ় অবস্থানে রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, যেকোনো যুদ্ধবিরতিতে হিজবুল্লাহকে অন্তর্ভুক্ত করতে হবে এবং হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণেই থাকবে।

তিনি আরও বলেন, ‘আমরা আলোচনায় কিছু অগ্রগতি করেছি, কিন্তু এখনো বড় ধরনের দূরত্ব রয়ে গেছে। কিছু মৌলিক বিষয়ে আমরা অনড়, তাদেরও কিছু ‘রেড লাইন’ আছে।’

ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, তবে শান্তি চুক্তি হবেই: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরান যুদ্ধবিরতির ‘গুরুতর লঙ্ঘন’ করেছে। তবে এরপরেও একটি শান্তি চুক্তি সম্ভব বলে তিনি মনে করেন। এবিসি নিউজের সাংবাদিক জনাথন কার্ল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেন, মার্কিন প্রেসিডেন্ট তাকে এ কথা বলেছেন। জনাথন কার্ল বলেন, ট্রাম্প তাকে বলেছেন, ‘এটি (শান্তি চুক্তি) হবেই। কোনো না কোনোভাবে এটি হবে। হয় সহজভাবে, না হয় কঠিনভাবেÑ কিন্তু এটি ঘটবে। আপনি আমার উদ্ধৃতি দিতে পারেন।’

ইরানের সঙ্গে বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রতীক্ষিত দ্বিতীয় দফার শান্তি আলোচনা সামনে রেখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাজ সাজ রব পড়ে গেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, আলোচনার উদ্দেশ্যে গতকাল রোববার ওয়াশিংটনের একটি দল ইসলামাবাদে পৌঁছেছে। আগামী সপ্তাহে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের প্রতিনিধিদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও পাকিস্তান, ইরান বা মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই আলোচনার সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি। বিদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের আগমনে ফেডারেল রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করা হয়েছে। ইসলামাবাদ পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শহরের রেড জোন এবং বর্ধিত রেড জোন এলাকায় সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। যাতায়াতের জন্য নাগরিকদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ইসলামাবাদ ও রাওয়ালপি-ির জেলা প্রশাসন দুই শহরে সব ধরনের গণপরিবহণ ও পণ্যবাহী যান চলাচল স্থগিত ঘোষণা করেছে। কোনো সুনির্দিষ্ট কারণ না দর্শিয়েই জেলা প্রশাসকরা এই নির্দেশ জারি করেছেন এবং নাগরিকদের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।রাওয়ালপি-ি পুলিশের সিটি অফিসার সৈয়দ খালিদ মাহমুদ হামদানির নির্দেশে পুরো শহরকে উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। বিদেশি প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করতে ১০ হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং শহরের প্রবেশ ও বহির্গমন পথগুলোতে ৬০০-এর বেশি বিশেষ পিকেট স্থাপন করা হয়েছে। এলিট কমান্ডো ও স্নাইপাররা গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন এবং ডলফিন ফোর্সসহ কুইক রেসপন্স ইউনিটগুলো সার্বক্ষণিক টহল দিচ্ছে। স্পর্শকাতর স্থাপনা ও আবাসন এলাকায় নজরদারির জন্য ‘সেফ সিটি’র সিসিটিভি ক্যামেরা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে দ্বিতীয় দফার বৈঠকের প্রস্তুতি শুরু পাকিস্তানের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামী শুক্রবারের আগে দ্বিতীয় দফার বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের দুটি নিরাপত্তা সূত্র।

নাম প্রকাশ না করার শর্তে সূত্র দুটি আল-জাজিরাকে জানায়, কয়েকটি আলামতের ভিত্তিতে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন।

প্রথমত, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের দুটি বিশালাকার ‘সি-১৭ গ্লোবমাস্টার’ কার্গো বিমান অবতরণ করেছে। দ্বিতীয়ত, বিমানবন্দর থেকে ইসলামাবাদের ‘রেড জোন’ পর্যন্ত রাস্তাগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থার ইঙ্গিত দেয়।

সর্বশেষ আলামত হিসেবে সূত্রগুলো জানায়, ইসলামাবাদের সেরেনা ও ম্যারিয়ট হোটেল থেকে অতিথিদের সরিয়ে নেওয়া হচ্ছে এবং আগামী শুক্রবার পর্যন্ত নতুন কোনো বুকিং নেওয়া হচ্ছে না।

এর আগে গত ১১ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফার আলোচনা সেরেনা হোটেলে অনুষ্ঠিত হয়েছিল। ইরান ও যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে প্রায় ২১ ঘণ্টার সরাসরি বৈঠক কোনো সমঝোতা ছাড়া শেষ হয়। এরপর উত্তেজনা বাড়লেও পাকিস্তানসহ অন্যান্য মধ্যস্থতাকারী দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার বৈঠকের জন্য জোর চেষ্টা চালাচ্ছে।

হরমুজ প্রণালি থেকে দুটি তেলবাহী ট্যাংকার ফিরিয়ে দিল ইরান

হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টাকালে গতকাল রোববার দুটি তেলবাহী ট্যাংকার ফিরিয়ে দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে।

তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বতসোয়ানা ও অ্যাঙ্গোলার পতাকাযুক্ত এই দুটি ট্যাংকার হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে সশস্ত্র বাহিনীর সময়োপযোগী পদক্ষেপের কারণে সেগুলো গতিপথ পরিবর্তন করে পিছু হটতে বাধ্য হয়।

ইরান আগেই ঘোষণা করেছে, তাদের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ রাখা হবে। মূলত সেই ঘোষণার পর থেকে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ নৌপথটিতে কঠোর অবস্থান নিয়েছে তেহরান।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে তিক্ত পরাজয়ের হুঁশিয়ারি মোজতবা আলী খামেনির

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ‘নতুন ও তিক্ত পরাজয়’ উপহার দিতে তার দেশের নৌবাহিনী প্রস্তুত। গতকাল রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তার এ বার্তা প্রচার করা হয়।

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমুদ্রপথ হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এই হুঁশিয়ারি দিলেন খামেনি। ইতোমধ্যে, ওই প্রণালিতে অন্তত দুটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলি ছোড়ার খবর পাওয়া গেছে।

পাকিস্তানে কঠোর নিরাপত্তা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনাকে কেন্দ্র করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে।

আলোচনার তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও ২১ এপ্রিল যুক্তরাষ্ট্র-ইরান বিদ্যমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই এ বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে।

হরমুজে ফি দিয়ে জাহাজ চলাচলের সুযোগও বন্ধ করল ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বন্দর ও জাহাজের ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এর আগে জাহাজ চলাচলের জন্য যে বিশেষ পথ বা করিডোর খোলা রাখা হয়েছিল, সেটিও এখন থেকে বন্ধ থাকবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, আগে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এবং ফি দিয়ে জাহাজ চলাচলের যে সুযোগ ছিল, তা বাতিল করা হয়েছে।

আইআরজিসির নৌবাহিনী শাখা সতর্ক করে বলেছে, এই নিষেধাজ্ঞা অমান্যকারী যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে।

তেহরানের মতে, ইরানের ওপর মার্কিন অবরোধ দুই দেশের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন।

লেবাননে দুই দিনে ২ ইসরাইলি সেনা নিহত, আহত ১২

লেবাননের দক্ষিণাঞ্চলে গত দুদিনে দুই ইসরাইলি সেনা নিহত হয়েছেন। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলমান অভিযানে ইসরাইলি বাহিনীর অন্তত ১৫ সদস্য নিহত হলেন।

আইডিএফের ওয়েবসাইটে জানানো হয়েছে, গত শনিবার ৩১ বছর বয়সী সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভ) লিডর পোরাত নিহত হন। এর আগের দিন শুক্রবার মারা যান সার্জেন্ট মেজর (রিজার্ভ) বারাক কালফন। এ দুটি ঘটনায় আরও ১২ সেনা আহত হয়েছেন বলে আইডিএফ নিশ্চিত করেছে। তবে ঘটনাগুলোর বিস্তারিত জানানো হয়নি।

বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুঁশিয়ারি দিল ইয়েমেনের হুতি সরকার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রক্রিয়ায় বাধা দিলে ইয়েমেন উপকূলের বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে সানাভিত্তিক হুতি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে হুতিদের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেন আল-এজ্জি লিখেছেন, ‘সানা যদি বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে মানুষ বা জিনÍকারও পক্ষেই তা আবার খোলা সম্ভব হবে না।’

হোসেন আল-এজ্জি আরও বলেন, ‘তাই ট্রাম্প এবং তার সহযোগীদের জন্য এটাই মঙ্গলজনক হবে যে, তারা শান্তি বিনষ্টকারী সব কর্মকা- ও নীতি অবিলম্বে বন্ধ এবং আমাদের জনগণের অধিকারের প্রতি প্রয়োজনীয় সম্মান প্রদর্শন করবেন।’

লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা এই বাব আল-মান্দেব প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। এ পথ দিয়েই সুয়েজ খালের দিকে জাহাজ চলাচল করে। প্রণালিটির সংকীর্ণতম অংশ মাত্র ২৯ কিলোমিটার চওড়া। এই সরু পথের কারণে পণ্যবাহী জাহাজগুলোর যাতায়াতের জন্য মাত্র দুটি চ্যানেল ব্যবহার করতে হয়।