ভারতে চলতি মাসে তৃতীয়বারের মতো পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিপণন প্রতিষ্ঠানগুলো। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের উচ্চমূল্যের কারণে লোকসান সামাল দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিলাররা।

শনিবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নতুন দামে রাজধানী নয়াদিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৫১ রুপি। ডিজেলের দাম হয়েছে ৯২ দশমিক ৪৯ রুপি প্রতি লিটার।

চলতি মাসে ধারাবাহিক তিন দফা মূল্যবৃদ্ধির ফলে ভারতে জ্বালানির দাম মোটামুটি ৫ রুপি পর্যন্ত বেড়েছে।

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা ভারত। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ার পরও দীর্ঘ সময় খুচরা পর্যায়ে মূল্য বৃদ্ধি থেকে বিরত ছিল দেশটি। কিন্তু সম্প্রতি ভর্তুকির হার বেড়ে যাওয়ায় দাম বাড়ানোর সিদ্ধান্ত আসে।

গত ১৫ মে ঘোষিত মূল্যবৃদ্ধি ছিল চার বছরের মধ্যে ভারতে প্রথম জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত। এরপর কয়েক দফায় আরও সমন্বয় আনা হলো।