রয়টার্স , আল-জাজিরা

চলমান যুদ্ধবিরতি বহাল থাকবে এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চল আবারও স্থিতিশীলতায় ফিরবে বলে আশা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এরদোয়ান আশা করছেন যুদ্ধবিরতি কার্যকর থাকবে এবং সংঘাতে ক্ষতিগ্রস্ত অঞ্চল ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে ফোন করে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আঙ্কারার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি জানান, স্থায়ী সমাধানের লক্ষ্যে তুরস্ক কাজ চালিয়ে যাবে।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, লেবাননে মাত্র ১০ মিনিটের মধ্যে তারা হিজবুল্লাহর শতাধিক স্থাপনায় সমন্বিত হামলা চালিয়েছে।বাহিনীর বিবৃতিতে বলা হয়, ২ মার্চ দেশটিতে নতুন সামরিক অভিযান শুরুর পর এটি ছিল সবচেয়ে বড় সমন্বিত হামলা। একই সময়ে বৈরুত, বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ১০০টির বেশি কমান্ড সেন্টার ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।বিবৃতিতে আরও বলা হয়, লক্ষ্যবস্তু করা অধিকাংশ অবকাঠামো বেসামরিক জনগোষ্ঠীর বসতির ভেতরে অবস্থিত ছিল। তবে এতে সাধারণ মানুষের ক্ষতি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও ইসরায়েল দাবি করেছে।