জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুতে শক্তিশালী ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সংঘটিত এ ভূমিকম্পের পর কুমামোতো জেলা থেকে এ পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে এখনও উদ্ধার অভিযান চলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানান, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। তিনি বলেন, “আমাদের সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতে হচ্ছে। প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আটকে পড়াদের উদ্ধারে সরকারের সব ধরনের সক্ষমতা কাজে লাগানো হবে।”
স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা ২৭ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ২৭ মিনিটে) কিউশু দ্বীপে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। জাপানের আবহাওয়া ও ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কুমামোতো জেলার উপকূলসংলগ্ন সাগর এলাকায়, ভূপৃষ্ঠের প্রায় ২০ কিলোমিটার গভীরে।
সাগরের অগভীর অংশে ভূমিকম্প হওয়ায় ভূপৃষ্ঠে এটির ব্যাপক কম্পন অনুভূত হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কুমামোতো জেলা।ভূমিকম্পে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার গুরুতর ক্ষয়ক্ষতি হওয়ায় এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে জেলার ৩৬ হাজারেরও বেশি বাড়িঘর। সড়কগুলোর অবস্থাও বেহাল। পুরো জেলায় এমন কোনো সড়ক প্রায় নেই, যেটিতে ফাটল দেখা দেয়নি।
ভূমিকম্পের অল্প সময় পরেই অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা শুরু হয় কুমামোতোর বিভিন্ন এলাকার ধ্বংসস্তূপগুলোতে। উদ্ধারকর্মীদের রাতভর প্রচেষ্টায় আজ বুধবার স্থানীয় সময় সকাল পর্যন্ত এই ১৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে।
ভূমিকম্পের প্রায় এক ঘণ্টা পর কুমামোতোর এক এলাকায় একটি শপিং মলে বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, ভবনটির গ্যাস সরবরাহ লাইনে লিকেজই বিস্ফোরণের কারণ। মলটির ধ্বংসস্তূপ থেকে ২০ বছর বয়সী দু’জন তরুণীর দেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ আছেন অনেক মানুষ।
বড় মাত্রার ভূমিকম্পের পর ‘আফটারশক’- এর আশঙ্কা থাকে। এ কারণে শহরের অনেক বাসিন্দা এখনও ভূমিকম্প আশ্রয়কেন্দ্রে রয়ে গেছেন।
কুমামোতো কিউশুর বৃহত্তম জেলা শহর। প্রায় ৭ লাখ মানুষ বসবাস করেন শহরটিতে।
এদিকে হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় থাকা এবং তাপমাত্রা ৩৪ ডিগ্রিতে পৌঁছানোয় শহরের বাসিন্দারা হিটস্ট্রোকের ঝুঁকিতে আছে বলে আশঙ্কা প্রকাশ করেছে নগর কর্তৃপক্ষ।
সূত্র : রয়টার্স