যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা আগামী সোমবার পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে। আলোচনা সম্পর্কে অবগত ইরানি কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ওই কর্মকর্তারা জানান, আলোচনার জন্য দুই দেশের প্রতিনিধিদের আগামীকাল রোববারই ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে ইসলামাবাদে অনুষ্ঠিত দুই দেশের মধ্যকার আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। দুই দেশের বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই এ নতুন দফার বৈঠক থেকে একটি দীর্ঘমেয়াদি সমাধানের পথ খোঁজা হবে বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানের সরকারি সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে ফেরাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়। বর্তমানে দুই দেশের মধ্যে ১৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর থাকায় নতুন করে সংলাপের সুযোগ তৈরি হয়েছে।

আসন্ন বৈঠককে ঘিরে ইসলামাবাদ ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অন্যান্য প্রদেশ থেকে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে।

এর আগে টানা ৪০ দিনের সংঘাতের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়। পরবর্তীতে ১১ এপ্রিল ইসলামাবাদে প্রায় ২১ ঘণ্টাব্যাপী আলোচনা হলেও কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই তা শেষ হয়।

নতুন এই বৈঠককে সম্ভাব্য স্থায়ী শান্তিচুক্তির পথে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তথ্যসূত্র: সিএনএন