বাংলা সাহিত্যের শক্তিমান কবি ফররুখ আহমদ চর্চা ও গবেষণা প্রতিষ্ঠান ‘ফররুখ গবেষণা ফাউন্ডেশন’-এর ২০২৬-২০২৯ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। গত শনিবার অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ড. আবুল কাশেম হায়দারের সভাপতিত্বে উপদেষ্টাদের মধ্যে থেকে উপস্থিত ছিলেনÑ শাহ আবদুল হালিম, মাহবুবুল হক ও মোহাম্মদ আশরাফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্য এবং সাধারণ সদস্যবৃন্দ।
অধ্যাপক সিরাজ উদ্দীন আহমদের মৃত্যুতে সভাপতির পদ শূন্য ছিল। সর্বসম্মতিক্রমে ফাউন্ডেশনের সহ-সভাপতি ড. আবুল কাশেম হায়দার নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন এবং মোহাম্মদ জসিম উদ্দিন পুনরায় নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এছাড়া কবি, গবেষক ও সাংবাদিক ড. মাহবুব হাসান সহ-সভাপতি নির্বাচিত হন।
কমিটিতে নতুন করে স্থান পেয়েছেনÑ সিরাজ উদ্দীন মুহাম্মদ, সীমান্ত আকরাম, ইয়াসিন মাহমুদ, শাহাদাৎ সরকার, শামীমা চৌধুরী এবং তানজীনা বিনতে নূর। ১৩ সদস্যবিশিষ্ট এ কমিটির পাশাপাশি উপদেষ্টা পরিষদও পুনর্গঠিত হয়। এতে কবি হাসান আলীম, ড. ফজলুল হক সৈকত এবং অধ্যাপক ড. শাহনাজ পারভীন নতুনভাবে অন্তর্ভুক্ত হন।
সভায় পূর্ববর্তী কমিটির সভাপতি অধ্যাপক সিরাজ উদ্দীন ও প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মুহম্মদ মতিউর রহমান এবং উপদেষ্টা কবি জাহানারা আরজুর মৃত্যুর কারণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং দোয়া করা হয়। এরপর পূর্ববর্তী কমিটির কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং নানা সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ জুন বাংলা একাডেমিতে ফররুখ আহমদের ১০৮তম জন্মবার্ষিকী পালন করা হবে। প্রেসবিজ্ঞপ্তি।