কি হবে তার উত্তর

মেজু আহমেদ খান

তোমার আছে ভুলে যাওয়ার স্বাধীনতা

আমার আছে স্বাধীনতা মনে রাখবার,

তুমি যদি একবারও না ডাকো

আমি প্রতিদিন প্রতিক্ষণ চাইবোই

এ তোমায় পিছু পিছু ডাকবার।

আন্না;

কি হবে তার উত্তর যদি বলি-

তুমি কি মেজু আহমেদ খান না?

তবু মিথ্যে বেঁচে আছি

আবির হাসান

এই রোদমাখা আলো বহুদূরে ডাকছে

হাহাকার হাহাকার লাগে এ হৃদয়

প্রভাতে মায়ের ডাক স্মৃতিশোকে কাপছে

কী যে একাকিত্ব লাগে সুখের বিদায়

ফিরে এসো সুখ, হারানো স্মৃতি আমার

বুকের ভেতরে কালো ব্যথার জড়তা

মৃত্যুর খোয়াবে ভরা সোনালী আঁধার

এই জীবন সংগ্রাম সব বিভ্রমতাÑ

ডাকি তোমায় কৈশোর, ফিরে এসে দেখো

বেঁচে থেকেও কেমনÑমরে মরে গেছি

এই কান্না কান্না দৃশ্য, মন গায়ে মেখো

মরে গেছে সুখ, তবু মিথ্যে বেঁচে আছি।

শান্তি আসুক

আহমেদ বেলাল

চাই, শান্তি আসুক

পৃথিবী আবার শান্ত হোক,

অশান্ত পৃথিবীতে স্বর্গীয় ঝড় হানা দিক

প্রতিটি যুদ্ধ বিমান থেকে ফুল ঝরে পড়ুক,

ফুলে ও ফসলে ভরে থাকুক-

পৃথিবী নামক শান্তির নীড়।

চাই, পরিপূর্ণতা আসুক

মানুষগুলো একে অন্যকে ভালোবাসুক;

সৌহার্দ্য, স্নেহ আর ভালোবাসায় তলিয়ে যাক পৃথিবী,

অপূর্ণ হৃদয়গুলো পূর্ণ হোক মায়ায়

না-হয়; শীতল হোক ভালোবাসার ছায়ায়,

স্বর্গীয় আবহ ছড়িয়ে যাক ধিকিধিক।

অপেক্ষা

দ্বীন মোহাম্মাদ দুখু

আয়ুর সীমান্তে দাঁড়িয়ে মুমূর্ষু রোগী

অপেক্ষা করে এক একটি স্নিগ্ধ ভোরের

সবুজ কেশে ঢাকা সুনসান গোরস্তানও

অপেক্ষা করে এক একটি শুভ্র লাশের

ইবলিশও খোঁজে না পাপ তেমন করে

তোমার পাবার নেশায় পরাণ যেমন পোড়ে

আটকেপড়া মাছের মতো তরপাই খুব

খালুইয়ের আঁধারে খুঁজি আলো

‘রাধুনি তুমি’ কেটেকুটে রেঁধে নাও -

তিলে তিলে মরার চেয়ে ভালো।

ঘামের গৌরব

বিচিত্র কুমার

শ্রমিকের ঘাম যেন সোনার দানার মতো মূল্যবান আর উজ্জ্বল,

তার দিনের পরিশ্রম যেন সূর্যের পথচলার মতো নিয়মিত আর অবিরাম,

তার ক্ষুধা যেন আগুনের শিখার মতো তীব্র আর অদম্য,

তার হাসি যেন দীর্ঘ খরার পরে বৃষ্টির ফোঁটার মতো শান্তি এনে দেয়।

তার হাতের ছোঁয়া যেন মাটির বুকে বপন করা বীজের মতো আশাবাদী,

তার জীবনের কষ্ট যেন পাহাড়ের ঢালের মতো খাড়া আর কঠিন,

তার স্বপ্ন যেন আকাশের তারার মতো দূরবর্তী অথচ দীপ্তিময়,

তার সংগ্রাম যেন নদীর স্রোতের মতো অপ্রতিরোধ্য আর নিরন্তর।

আমি শ্রমিক

মো.আমিনুর রহমান

আমি শ্রমিক,

তবু আমি মানুষÑ

ধুলো মাখা হাতেও জেগে ওঠে স্বপ্নের পদ্ম।

আমি শ্রমিক,

তবু বিক্রিত গোলাম নইÑ

আত্মসম্মানে পাহাড়সম বলিষ্ঠ আমি।

আমি শ্রমিক,

তবু উন্নত মম শির—

শৃঙ্খল ভাঙার শক্তি লুকিয়ে আছে রক্তে।

আমি শ্রমিক,

তবু হৃদয়ে জাগ্রত মুক্তির আগুনÑ

নই মৃত একজন, আমি জাগ্রত পৃথিবীর উচ্চারণ।