গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাঠের বাইরে ছিলেন এনামুল হক বিজয়। তবে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে আবারও নিজেকে প্রমাণের মঞ্চে ফিরছেন তিনি। এবার ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে মাঠ মাতাবেন এই অভিজ্ঞ ওপেনার। গতকাল সোমবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ৩৩ বছর বয়সী বিজয়। সেখানে আসন্ন ডিপিএল, ভবিষ্যৎ পরিকল্পনা ও জাতীয় দলে প্রত্যাবর্তনের ইচ্ছার কথা প্রকাশ করেন এই ডানহাতি টপ অর্ডার ব্যাটার। শুরুতে ঢাকা লিগ নিয়ে অতীতের কথা টেনে বিজয় বলেন, 'আমি ১৭ (অনূর্ধ্ব-১৭) শেষ করে প্রিমিয়ার লীগে ডাক পাই। কোনোভাবে তারা পছন্দ করে, তাদের উইকেটকিপার একটু কম ছিল। তারপরের থেকে আমি আসলে বড় হতে হতে ২০১২ থেকে একটু বুঝা শিখলাম। ১২-র পরের থেকে আমি লিস্ট এ ক্রিকেটটা খেলা শুরু করি। তখন আবাহনীকে চ্যাম্পিয়ন হতে দেখেছি, আমি গাজী-তে চ্যাম্পিয়ন হয়েছি। কিন্তু মোহামেডান অনেক বড় টিম, অনেক বড় টিম।'
এবারের ডিপিএলে শিরোপা জয়ের লক্ষ্যের কথা জানিয়ে বিজয় আরও বলেন, 'আমি ১০০% চেষ্টা করব মোহামেডানকে শিরোপা জেতাতে। আমাদের দলে অনেক বড় বড় ও অভিজ্ঞ ক্রিকেটার আছেন যারা ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করছেন এবং জাতীয় দলেও খেলছেন। সবাই মিলে লক্ষ্য পূরণে কাজ করব।' জাতীয় দলের জার্সিতে আবারও নিয়মিত হওয়ার স্বপ্ন দেখছেন বিজয়। বয়স ও ফিটনেস নিয়ে আত্মবিশ্বাসী এই ক্রিকেটার মনে করেন, তার মধ্যে আরও অনেক ক্রিকেট বাকি আছে। তিনি বলেন, 'প্রিমিয়ার লিগ সবসময় আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে আল্লাহর রহমত করছে এবং আমি চেষ্টা করছি ভালো করার। এবার একটা বড় চ্যালেঞ্জ আছে আমার টিমকে চ্যাম্পিয়ন করানো। তসেটা যদি করতে পারি, সেরকম অনুযায়ী পারফরম্যান্স করতে পারি, অবশ্যই নির্বাচকরা তো বাইরে রাখবে না আশা করি।'
জাতীয় দলের হয়ে আরো ৫-৭ বছর খেলার কথা জানিয়ে বিজয় বলেন, 'আমি এখনো চিন্তা করি আমি ৫-৭ বছর যদি পারফরম্যান্স করতে থাকি আমি জাতীয় দলে খেলা ডিজার্ভ করব, যদি আমি এভাবে ফিটনেস এবং পারফরম্যান্স ধরে রাখতে পারি। আরও ৫-৭ বছর তো অবশ্যই জাতীয় দলে খেলতে চাই। সাথে ঘরোয়াতে যেরকম আমার নাম আছে, যেভাবে আমি সম্মানের সাথে খেলি, সেই সম্মানটা বজায় যেন থাকে সেটার চেষ্টা করব সবসময় পারফরম্যান্স দিয়ে।' ঘরোয়া ক্রিকেটে বিজয়ের ব্যাট বরাবরই উজ্জ্বল। ডিপিএলে বিগত মৌসুমগুলোতে তিনি রানের পাহাড় গড়েছেন। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে জাতীয় দলের নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করতে চান তিনি। বিজয়ের মতে, সম্মানের সাথে ঘরোয়া ক্রিকেটে যেভাবে তিনি খেলে আসছেন, সেই মান ধরে রাখাই তার প্রধান লক্ষ্য। বিপিএলে সুযোগ না পাওয়া নিয়ে আক্ষেপ থাকলেও, বিজয় এখন পুরোপুরি মনোযোগী ঢাকা লিগে। মোহামেডানের হয়ে তার পারফরম্যান্স কেমন হয়, সেটিই এখন দেখার বিষয়।