আগামী জুনে সান মেরিনোর বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে জামাল-হামজারা। সেই ম্যাচের আগেই নতুন কোচ নিয়োগ দিতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কোচ নিয়োগের বিজ্ঞাপন দেখে বাফুফেতে দেশী বিদেশী শতাধিক আবেদন জমা পড়েছিল। কয়েকদফা বাছাই শেষে আপাতত আপাতত ২২ জন কোচের তালিকা ধরে এগোচ্ছে বাফুফে। সদ্য বিদায়ী জাতীয় দলের স্পেনিশ কোচ হাভিয়ের কাবরেরার উত্তরসূরি সামর্থের মধ্যে খুঁজতে কাজ করে যাচ্ছে বাফুফে। এরইমধ্যে সবার বেতন জানতে চাওয়া হয়েছে। তবে কোচ নিয়োগের ক্ষেত্রে দলের বড় তারকা হামজা চৌধুরীর পরামর্শও নেবে বাফুফে।

জানা গেছে আপাতত তালিকায় একমাত্র দেশি কোচ জুলফিকার মাহমুদ মিন্টু রয়েছেন। তবে কোচের তালিকা ছোট হলে তার সেখানে থাকা হচ্ছে না। এমনটি জানিয়েছেন, টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন। তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন, ‘আমাদের হাতে ২২ জন কোচের জীবন বৃত্তান্ত আছে। তা ছোট করে আনা হচ্ছে। তালিকা কমিয়ে এনে আমরা টিম ম্যানেজমেন্ট কমিটির কাছে দেবো। এই তালিকা ছোট করলে তখন মিন্টু বাদ পড়বে। আমরা ওর চেয়ে হাই প্রোফাইল কোচ চাইছি। তালিকায় একাধিক এমন কোচ আছে। মিন্টু ভালো কোচ তাতে কোনও সংশয় নেই। আসলে আমরা এর চেয়ে ভালো কোচ চাইছি।’