নতুন নু স্টেডিয়ামে অবশেষে স্বস্তির জয় পেল ইন্টার মায়ামি। টানা চার ম্যাচ জয়হীন থাকার পর রোববার (১৭ মে) পোর্টল্যান্ড টিম্বার্সকে ২-০ গোলে হারিয়ে কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পেয়েছে দলটি। আর এই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন লিওনেল মেসি।

পুরো ম্যাচজুড়েই আক্রমণভাগে দাপট দেখান আর্জেন্টাইন মহাতারকা। একটি গোল করার পাশাপাশি আরেকটি গোল তৈরিতেও বড় ভূমিকা রাখেন তিনি।

ম্যাচের ৩০তম মিনিটে সুয়ারেজের সঙ্গে দারুণ সমন্বয়ে ডেডলক ভাঙেন মেসি। বক্সের বাইরে থেকে আক্রমণ গড়ে তুলে শেষ পর্যন্ত বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান তিনি।

প্রথমার্ধের শেষ দিকে আবারও মেসির জাদুতে কাঁপে টিম্বার্স রক্ষণ। সুয়ারেজের সঙ্গে দ্রুত পাস আদান-প্রদানের পর দুই ডিফেন্ডারকে কাটিয়ে বল বাড়ান জার্মান বার্তেরামের কাছে। সহজ সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মেক্সিকান এই ফুটবলার।

ম্যাচের শেষ মুহূর্তে আরও একটি গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন মেসি। যোগ করা সময়ে তার নেওয়া দুর্দান্ত ফ্রি-কিক গোলের দিকেই যাচ্ছিল, তবে দারুণ সেভে তা ঠেকিয়ে দেন টিম্বার্স গোলরক্ষক জেমস পান্তেমিস।

এই জয়ে নতুন ভেন্যুতে খারাপ সময় কাটিয়ে উঠল মায়ামি। এর আগে নু স্টেডিয়ামে তিন ড্র ও এক হারের হতাশা ছিল দলটির। বিশ্বকাপ বাছাইয়ের বিরতির আগে মায়ামির আর একটি ম্যাচ বাকি। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে সেই ম্যাচ খেলেই আর্জেন্টিনা দলে যোগ দেবেন মেসি ও রদ্রিগো ডি পল।