যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) নিজের শেষ ম্যাচ খেলতে নেমে পায়ে চোট পেয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। সোমবার ভোরে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে এই ম্যাচে মেসি ২টি গোল করালেও সেটা ফিকে হয়ে গেছে তাঁর চোট পাওয়ার শঙ্কায়। ম্যাচের ৭৩ মিনিটে মাঠ ছাড়েন মেসি। এরপর তিনি সরাসরি ড্রেসিংরুমে চলে যান। ম্যাচে বাম পায়ে অস্বস্তি অনুভব করতে দেখা যায় আর্জেন্টাইন কিংবদন্তিকে। ম্যাচের ৬৯ মিনিটে তিনি আক্রমণে এগিয়ে গেলেও হঠাৎ থেমে যান এবং পরে সতীর্থদের সঙ্গে কথা বলেন। কিছুক্ষণ পর কোচিং স্টাফ তাকে বদলি করে মাতেও সিলভেত্তিকে নামান। তবে সবশেষ ইন্টার মিয়ামির কোচ গিলের্মো হোইসের কাছে শোনা গেল আশার খবর। হোইস নিশ্চিত করেছেন যে, মেসি ইনজুরিতে পড়েননি। এটি ছিল শুধুই সতর্কতামূলক সিদ্ধান্ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হোইস বলেন, ‘আমরা এখনও চূড়ান্ত মেডিকেল রিপোর্ট পাইনি। তবে লিও (মেসি) ক্লান্ত ও অবসন্ন অনুভব করছিল। সেই ক্লান্তির কারণেই আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি।’ এর ফলে মেসির চোট নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল, তা অনেকটাই দূর হয়েছে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই বদলি করা হয়েছিল মেসিকে। মূলত হ্যামস্ট্রিংয়ের টান অনুভব করায় আর ঝুঁকি নিতে চাননি তিনি। তাই জায়গাটিতে বাড়তি চাপ না দিয়ে নিজেই মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন। এখনো বিশ্বকাপের দল ঘোষণা করেনি আর্জেন্টিনা। তবে বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে মেসির খেলা প্রায় নিশ্চিত বলেই ধরে নেয়া যায়। আগামী ১৬ জুন ‘জে’ গ্রুপে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। তাদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।