প্রথমবার সাফ ফুটসালে অংশ নিয়েই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। সাবিনা-মাসুরারা শিরোপা জিতে নতুন করে আলোচনায় এসেছেন। যদিও ছেলেদের দল মেয়েদের মতো সাফল্য দেখাতে পারেনি। ফুটসালে এই নতুন জাগরণকে সামনে রেখে প্রথমবারের মতো লিগ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই মধ্যে অংশগ্রহণকারী ১১টি ক্লাবও চূড়ান্ত হয়েছে। তবে মে মাসের প্রথম সপ্তাহে সম্ভাব্য এই লিগ স্পন্সর সংকটে পড়ায় মাঠে গড়ানো নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
প্রথমবারের মতো লিগে অংশ নেয়া ক্লাবগুলো হলো- আনসার ও ভিডিপি ফুটবল ক্লাব, আর্মি স্পোর্টস ক্লাব লিমিটেড, বিকেএসপি ফুটবল ক্লাব, চাঁদপুর ফুটবল ক্লাব, ঢাকা অ্যাথলেটিক ক্লাব, ফকির এফসি, আইএম ১০ এফসি, স্পোর্টস ফিল্ড লজিস্টিক, টেকভিল ফুটবল ক্লাব, ওয়ারিয়র্স স্পোর্টস অ্যাকাডেমি এবং জেনন এফসি। সব ক্লাবই ছেলে ও মেয়েদের লিগে অংশ নেবে। এর মধ্যে টেকভিল ফুটবল ক্লাব অনুশীলন জোরদার করতে মিয়ানমার থেকে কোচও এনেছে।