প্রথমবারের মত ইউরোপের কোন দলের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে জামাল ভূঁইয়ারা। আগামী ৫ জুন ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আর এই সময়ে নবনিযুক্ত কোচ টমাস ডুলির অধীনে নতুন শুরুর আশা করছেন লাল-সবুজদের অধিনায়ক জামাল ভূঁইয়া।
আসন্ন ম্যাচটির জন্য সোমবার ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক সূচিতে খেলতে ইউরোপ সফরে যাচ্ছে বাংলাদেশ।
কিংস অ্যারেনায় শুরু হওয়া ক্যাম্পে যোগ দিয়ে দল ও সামনে থাকা সুযোগ নিয়ে আশার বাণী শোনান জামাল। সাংবাদিকদের তিনি বলেন, 'প্রত্যাশা অনেক বেশি, কারণ দলটা অনেক ভালো ও বেশ শক্তিশালী। আর এবারই প্রথম আমরা ইউরোপে খেলতে যাচ্ছি। তাই অনুভূতিটাও একটু অন্যরকম হবে।' তিনি যোগ করেন, 'এশিয়ার তুলনায় সেখানকার আবহাওয়া ও জলবায়ু ভিন্ন। সেখানে যাওয়ার পর আমরা বুঝতে পারব কীভাবে মানিয়ে নিতে হবে। আমরা সাধারণত যে ধরনের ম্যাচ খেলে অভ্যস্ত, এটি তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি ম্যাচ হতে যাচ্ছে। তাই ব্যাপারটা বেশ রোমাঞ্চকর।'
সাবেক কোচ হাভিয়ের কাবরেরার অধীনে নিজের কঠিন সময় নিয়েও খোলামেলা কথা বলেন এই অভিজ্ঞ মিডফিল্ডার। এই স্প্যানিশ কোচের মেয়াদে নিয়মিত খেলার সুযোগ পেতেন না তিনি। জামাল ভূঁইয়া বলেন, 'আমি আশা করি, একজন নতুন কোচ নিয়ে একটি নতুন শুরু হবে। আগের কোচ আমাকে সেভাবে পছন্দ করতেন নাÑ এটা সবাই জানত। আমি আশা করছি, নতুন কোচের সাথে নতুন উদ্যম আসবে, একটা নতুন শুরু হবে, সবকিছুই নতুন হবে। এখানে আমি আমার সেরাটা দেব।'
এদিন প্রথমবারের মতো খেলোয়াড়রা ক্যাম্পে একত্রিত হলেও জামাল জানান, জার্মান বংশোদ্ভূত আমেরিকান কোচ ডুলির সঙ্গে আজ (সোমবার) আমাদের প্রথম দেখা হবে।'হাই-প্রোফাইল এই প্রীতি ম্যাচের আগে প্রস্তুতির সময় বেশ কম হলেও কিংস অ্যারেনায় জাতীয় দলের অনুশীলন সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা রয়েছে। এই প্রসঙ্গে জামাল ব্যাখ্যা করেন, গত ২৩ মে ঘরোয়া লিগ শেষ হওয়ায় বাফুফের হাতে তেমন বিকল্প ছিল না।
তিনি বলেন, 'ক্যাম্পটি মূলত শনিবার শুরু হওয়ার কথা ছিল। যেহেতু লিগ ২৩ মে শেষ হয়েছে, তাই ম্যানেজমেন্ট মনে করেছে, খেলোয়াড়দের কিছুটা বিশ্রাম দরকারÑ অন্তত একদিন।' তিনি যোগ করেন, 'লিগের কারণে আমরা আগে ক্যাম্প শুরু করতে পারিনি। তবে অবশ্যই, যখন একজন নতুন কোচ আসেন, তখন তার কিছুটা সময় প্রয়োজন হয়, এটাই স্বাভাবিক।'
বাংলাদেশের প্রাথমিক দলে একমাত্র নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন পিডব্লিউডি স্পোর্টিং ক্লাবের ফরোয়ার্ড মিনহাজুল করিম স্বাধীন। তবে প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী, শমিত সোম ও জায়ান আহমেদ এই ক্যাম্পে থাকছেন না। তারা সরাসরি সান মারিনোতে দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। বিদেশের লিগে খেলা আরেক খেলোয়াড় ফাহামেদুল ইসলাম ক্যাম্পে যোগ দিতে ঢাকায় এসেছেন। মোট ১৬ জন খেলোয়াড় নিয়ে ক্যাম্প শুরু হয়েছে। অন্যদিকে, বসুন্ধরা কিংসের ফুটবলাররা পরবর্তীতে যোগ দেবেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে, ঢাকায় ছয় দিনের অনুশীলন শেষে আগামী ৩১ মে সান মারিনোর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। জাতীয় দলের দায়িত্ব নেয়ার পর এই প্রীতি ম্যাচটিই হতে যাচ্ছে ডুলির প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট।
দলের ম্যানেজার আমের খান বলেছেন, ‘আজ ১৬ জনকে নিয়ে আমরা শুরু করছি। বসুন্ধরার খেলোয়াড়রা কাল যোগ দেবে। হামজা, শমিত সোম ও জায়ান সরাসরি যোগ দেবে। আমরা তারেক কাজীকে নিয়েও কাজ করছি। তার ২৯ মে আসার কথা রয়েছে। যদি সে ২৯ মে না আসে, তাহলে ভুটান থেকে কীভাবে তাকে সান মারিনো নেওয়া যায়, সেটার চেষ্টায় আছি।’