বাংলাদেশ ফুটবল লিগে পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস পয়েন্ট হারিয়েছে। রহমতগঞ্জের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে দলটি। বসুন্ধরা কিংসের ড্রয়ের দিন পয়েন্ট হারিয়েছে ফর্টিজও। কিংস অ্যারেনায় তারা আরামবাগের বিপক্ষে ড্র করেছে। তবে গতকাল নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে মোহামেডান ও আবাহনী। গতকাল বাড়তি নজর ছিল মোহামেডান-ফকিরেরপুল ইয়ংমেন’স ম্যাচের দিকে। আলফাজ আহমেদের বিদায়ের পর, আব্দুল কাইয়ুম সেন্টুর হাত ধরে আলো ছড়াল মোহামেডান। ফকিরেরপুলকে ৩-০ গোলে উড়িয়ে ‘নতুন শুরু’ পেল তারা। জয়ের আনন্দে মাঠ ছেড়েছে আবাহনীও। বাংলাদেশ পুলিশ এফসিকে ৩-১ ব্যবধানে হারানো ম্যাচের শেষ দিকে ফাউলের ঘটনা কেন্দ্র করে হাতাহাতি-ধাক্কাধাক্কির ঘটনায় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন আবাহনী ফরোয়ার্ড শেখ মোরসালিন।
এর আগে, ৭০তম মিনিটে মোরসালিনকে পেছন থেকে টেনে ধরে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন পুলিশের ডিফেন্ডার শরিফ নিরবও। ময়মনসিংহে আবাহনী এগিয়ে যায় ৩৩তম মিনিটে। সুলেমানে দিয়াবাতের আড়াআড়ি ক্রসে দৃষ্টিনন্দন ব্যাকহিল ফ্লিকে লক্ষ্যভেদ করেন এমেকা ওগবাহ। প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সে অরক্ষিত এমএস বাবলু ঠাণ্ডা মাথার শটে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে পুলিশকে চেপে ধরে আবাহনী। ৫৮তম মিনিটে মোরসালিনের শট কোনোমতে গোলকিপার ফিরিয়ে দেওয়ার পর, গোলমুখে আল আমিন আলগা বল অনায়াসে জালে জড়ান। একটু পর নিরবের লাল কার্ডে পুলিশের শক্তি কমে। ৭৮তম মিনিটে দিয়াবাতের শট ব্লকড হওয়ার পর, বল চলে যায় মোরসালিনের পায়ে। দেখে-শুনে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি। শেষ দিকে এই ফরোয়ার্ড বহিষ্কার হলে আবাহনীর জয়েও লাগে কালির আঁড়চ। এদিকে মুন্সিগঞ্জে দুটি লাল কার্ডের ঘটনা ঘটেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে কিংসের ১-১ ড্র ম্যাচেও।
কিংসের বিশ্বনাথ ঘোষ ও রহমতগঞ্জের অভিষেক লিম্বু বহিষ্কার হন। নবম মিনিটে সতীর্থের থ্রু পাস ধরে রহমতগঞ্জের আর্নেস্ট বোয়াটেং শেষ ডিফেন্ডারকে কাটাতে পারেননি। তিন মিনিট পর পাওয়া সুযোগ অবশ্য কাজে লাগায় কিংস। নাবীব নেওয়াজ জীবনের শট গোলকিপার আহসান হাবিব কোনোমতে আটকে দিলেও পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি। আলগা বল দারুণ ক্ষিপ্রতায় জালে জড়িয়ে দেন শাহরিয়ার ইমন। ৪২তম মিনিটে সমতায় ফিরে রহমতগঞ্জ। একজনকে কাটিয়ে বাম দিক থেকে রাজন হাওলাদারের বাড়ানো ক্রস বোয়াটেং নিখুঁত হেডে পরাস্ত করেন আনিসুর রহমান জিকোকে। দ্বিতীয়ার্ধে কিংস কিছুটা বেশি সুযোগ তৈরি করে। ৪৭তম মিনিটে রাকিবের ক্রসে ইমনের হেডে বল বক্সে পড়ে। জীবন পা ছোঁয়ানোর আগেই দ্রুত ক্লিয়ার করেন গোলকিপার। ৬৫তম মিনিটে গোলকিপারেকে একা পেয়েও রাকিব সুযোগ কাজে লাগাতে পারেননি। কিংস ১০ জনের দলে পরিণত হয় ৬৭তম। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা সলোমন কিং কনফার্মকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন বিশ্বনাথ।
৮১তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পান রহমতগঞ্জের অভিষেক লিম্বু। ফয়সাল আহমেদ ফাহিমকে ফাউল করেছিলেন এই নেপালি ডিফেন্ডার। দিনের অন্য ম্যাচে গোলশুন্য ড্র করেছে ফর্টিস এফসি ও আরামবাগ ক্রীড়া সংঘ। পয়েন্ট হারালেও লিগ টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে বসুন্ধরা কিংস; ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট তাদের। ২৫ করে পয়েন্ট নিয়ে তাদের পিছে ছুটছে আবাহনী ও ফর্টিস এফসি। ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রহমতগঞ্জ। হার ও ড্রয়ের বৃত্তে ঘুরপাক খাওয়া মোহামেডান জয়ে ফিরলেও, পয়েন্ট টেবিলে তাদের দুর্দশা আছে আগের মতোই। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা।