ইউরোপের ছোট দেশ সান মারিনোর বিপক্ষে আগামী ৫ জুন ফিফা ফ্রেন্ডলি খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথমবারের মতো ইউরোপের মাটিতে কোনো ইউরোপিয়ান দলের বিপক্ষে এটাই হবে বাংলাদেশের প্রথম ম্যাচ। ঐতিহাসিক এই ম্যাচটি বাংলাদেশ খেলবে নতুন বিদেশি কোচের অধীনে। আগামী ২/১ দিনের মধ্যেই নতুন কোচের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

২৪ মে শুরু হওয়ার কথা আছে সান মারিনো সফরের প্রস্তুতি। হ্যাভিয়ের ক্যাবরেরার সাথে লম্বা সময় সহকারী কোচের দায়িত্ব পালন করা হাসান আল মামুনই সান মারিনো সফরের প্রাথমিক তালিকা তৈরি করেছেন। হাসান আল মামুন ৩২ জনের যে প্রাথমিক দল তৈরি করেছেন, নতুন কোচ এসে তাদের নিয়ে নেমে পড়বেন মাঠের প্রস্তুতিতে। তবে বাফুফে বুধবার দুপুর পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রাথমিক দল ঘোষণা করেনি। নতুন কোচ দিয়ে হয়তো তালিকা পড়ে শোনানো হবে।

৩২ জনের তালিকায় দলের প্রধান তারকা হামজা দেওয়ান চৌধুরী থাকবেন, সেটাই স্বাভাবিক। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি যেমন আছেন তেমন তালিকায় আছেন কানাডা প্রবাসী শামিত সোম, ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম ও যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ। ভুটানের লিগে খেলতে যাওয়া তারিকও রায়হান কাজীও আছেন হাসান আল মামুনের ৩২ জনের দলে।

প্রাথমিক দলে আছেন চারজন গোলরক্ষক। তারা হলেন-বসুন্ধরা কিংসের আনিসুর রহমান জিকো, মেহেদী হাসান শ্রাবণ, মোহামেডানের সুজন হোসেন ও আবাহনীর মিতুল মারমা। বাকি ২৮ জন হলেন-তারিক কাজী, শাকিল আহাদ তপু, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, তাজ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, ইসা ফয়সাল, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, মো. রিদয়, হামজা চৌধুরী,শামিত সোম, শেখ মোরসালিন, কাজেম কিরমানি, রাকিব হোসেন, ফাহামিদুল ইসলাম, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, মিরাজুল ইসলাম, মনজুরুর রহমান মানিক, মিনহাজুল করিম স্বাধীন, রফিকুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহীম।