ব্রাজিলিয়ান সিরি ‘আ’-তে সান্তোসের জন্য রোববার রাতটা যেন এক দুঃস্বপ্ন হয়ে এসেছে। ঘরের মাঠ নিও কুইমিকা অ্যারেনায় করিন্তিবার কাছে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরে পয়েন্ট টেবিলের ১৬তম স্থানে নেমে গেছে নেইমার জুনিয়রের দল। তবে ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনায় এসেছে নেইমারকে ঘিরে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য ও বিতর্কিত ঘটনা।

দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে পায়ে অস্বস্তি অনুভব করায় সাইডলাইনে চিকিৎসা নিচ্ছিলেন নেইমার। ঠিক সেই সময় চতুর্থ রেফারি ভুলবশত তার জার্সি নম্বর ১০ তুলে ধরেন। অথচ সান্তোস কোচিং স্টাফের পরিকল্পনা ছিল ডিফেন্ডার গনজালো এসকোবারকে বদলি করার। ভুল বোঝাবুঝির কারণে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হন নেইমারই।

ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন ব্রাজিলিয়ান তারকা। মাঠ ছাড়ার সময় সরাসরি ক্যামেরার সামনে গিয়ে সাবস্টিটিউশনের কাগজ দেখিয়ে বোঝানোর চেষ্টা করেন যে সিদ্ধান্তটি ভুল ছিল। তীব্র প্রতিবাদ করায় তিনি হলুদ কার্ডও দেখেন।

ম্যাচে নেইমার ভালো ছন্দেই ছিলেন। আগের তিন ম্যাচে দুই গোল ও একটি অ্যাসিস্ট করা এই ফরোয়ার্ড মাঠে থাকলে ম্যাচের শেষদিকে সান্তোস ঘুরে দাঁড়াতে পারত কি না, তা নিয়েই এখন আলোচনা চলছে। যদিও তখন দলটি ৩-০ গোলে পিছিয়ে ছিল, তবুও এমন বিতর্কিত সিদ্ধান্ত সান্তোস শিবিরে বড় ধাক্কা হয়ে এসেছে।

বর্তমানে সান্তোস আছে অবনমন অঞ্চলের ঠিক ওপরে। ১৭তম স্থানে থাকা গ্রেমিও পরের ম্যাচে জিতলে সরাসরি রেলিগেশন জোনে নেমে যেতে পারে দলটি। ফলে ক্লাবটির ওপর চাপ আরও বেড়ে গেছে।

এদিকে আজ সোমবার ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা হওয়ার কথা। ঠিক তার আগ মুহূর্তে নেইমারকে ঘিরে এই নাটকীয় পরিস্থিতি জাতীয় দলে তার জায়গা নিয়েও নতুন করে প্রশ্ন তৈরি করেছে।