বাংলাদেশ জাতীয় ফুটবল দলে হামজা চৌধুরী ও শমিত সোমদের পর এবার যুক্ত হতে চলেছেন আরও এক উদীয়মান প্রতিভাÑ ট্রেভর ইসলাম। যুক্তরাষ্ট্র প্রবাসী এই তরুণ ফুটবলারকে ঘিরে ইতোমধ্যেই দেশের ফুটবল অঙ্গনে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ২১ বছর বয়সী ট্রেভর ইসলাম বর্তমানে যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে অধ্যয়নরত। পড়াশোনার পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এনসিএএ ডিভিশন-১ লিগে নিয়মিত খেলছেন। মূলত সেন্টার ফরোয়ার্ড পজিশনের খেলোয়াড় হলেও মাঠের দুই প্রান্ত অর্থাৎ লেফট ও রাইট উইঙ্গার হিসেবেও তিনি সমান পারদর্শী। গত বছর স্ট্যানফোর্ডের হয়ে দারুণ পারফর্ম করে ট্রেভর এসিসি কো-অফেনসিভ প্লেয়ার অব দ্য উইক নির্বাচিত হয়েছিলেন। তার এই অভিজ্ঞতা ও গোল করার দক্ষতা বাংলাদেশ জাতীয় দলের আক্রমণভাগের দীর্ঘদিনের গোলক্ষুধা মেটাতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।