৪০ বছর বয়সী মিডফিল্ডার লুকা মদ্রিচকে রেখেই বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ক্রোয়েশিয়া। সব ঠিক থাকলে, এটি হবে মদ্রিচের টানা পঞ্চম বিশ্বকাপ। ২০০৬ সালে প্রথমবার বিশ্বকাপ খেলেছিলেন তিনি। এরপর থেকে ক্রোয়েশিয়ার ফুটবল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছেন এই মিডফিল্ডার।

সোমবার (১৮ মে) বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ। ঘোষিত ২৬ সদস্যের স্কোয়াডে মদ্রিচের পাশাপাশি আস্থা রাখা হয়েছে আরেক অভিজ্ঞ ফুটবলার ইভান পেরিসিচের ওপরও।

২০১৮ বিশ্বকাপে দলকে ফাইনালে তোলার পথে বড় ভূমিকা ছিল মদ্রিচের। সেই বছর বিশ্বকাপ জয়ের আক্ষেপ থাকলেও ব্যালন ডি’অর জিতে নেন তিনি। এবার অভিজ্ঞ এই তারকার সামনে আরও একবার দলকে সাফল্যের পথে নেওয়ার চ্যালেঞ্জ।

এ পর্যন্ত জাতীয় দলের হয়ে ১৯৬টি ম্যাচ খেলেছেন মদ্রিচ। আসন্ন বিশ্বকাপে মাঠে নামতে পারলে ক্রোয়েশিয়ার প্রথম ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন তিনি।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হওয়া বিশ্বকাপে ‘এল’ গ্রুপে পড়েছে ক্রোয়েশিয়া। আগামী ১৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে দলটি।

ক্রোয়েশিয়ার বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: দমিনিক লিভাকোভিচ, দমিনিক কোতার্সকি, ইভর পান্দুর।

রক্ষণভাগ: ইয়োশকো ভার্দিওল, চালেতা-চার, ইয়োসিপ সুতালো, ইয়োসিপ স্তানিসিচ, মারিন, মার্তিন এর্লিচ, লুকা ভুসকোভি।

মিডফিল্ডার: লুকা মদ্রিচ, মাতেও কোভাচিচ, মারিও পাসালিচ, নিকোলা ভ্লাসিচ, লুকা সুচিচ, মার্তিন বাতুরিনা, ক্রিস্তিয়ান ইয়াকিচ, পেতার সুচিচ, নিকোলা মোরো, তনি ফ্রুক।

ফরোয়ার্ড: ইভান পেরিসিচ, আন্দ্রেই ক্রামারিচ, আন্তে বুদিমির, মার্কো পাসালিচ, পেতার মুসা, ইগর মাতানোভিচ।