বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম দেখা যাবে ফাইনালের হাফটাইম শো। আর সেই ঐতিহাসিক মঞ্চ মাতাতে একসঙ্গে হাজির হচ্ছেন বিশ্বসংগীতের তিন মহাতারকা- ম্যাডোনা, শাকিরা ও বিটিএস। ফিফা ও গ্লোবাল সিটিজেন যৌথভাবে ঘোষণা দিয়েছে, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে এই তিন তারকা দল ও শিল্পী সহ-হেডলাইনার হিসেবে পারফর্ম করবেন। আগামী ১৯ জুলাই নিউইয়র্কের নিউ জার্সিতে মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফুটবলের এই মহারণ। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন জনপ্রিয় ব্যান্ড কোল্ডপ্লের তারকা ক্রিস মার্টিন। বিশ্বকাপ ফাইনালের এই প্রথম হাফটাইম শো সরাসরি সম্প্রচার করা হবে বিশ্বের কোটি কোটি দর্শকের জন্য। তবে শুধু বিনোদনই নয়, এই আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছে বড় সামাজিক উদ্যোগও। হাফটাইম শোটি আয়োজন করা হচ্ছে ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এর সমর্থনে। এই তহবিলের লক্ষ্য বিশ্বজুড়ে শিশুদের মানসম্মত শিক্ষা ও ফুটবলের সুযোগ বাড়াতে ১০০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা। ইতোমধ্যে ৩০ মিলিয়নের বেশি অর্থ সংগ্রহ হয়েছে। এছাড়া ২০২৬ বিশ্বকাপের প্রতিটি টিকিট বিক্রি থেকে ১ ডলার করে এই তহবিলে দেওয়া হবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো বলেন, ‘ম্যাডোনা, শাকিরা এবং বিটিএস- এমন বৈশ্বিক তারকা, যাদের সংগীত প্রজন্ম ও সীমান্ত ছাড়িয়ে মানুষকে এক করে। কোল্ডপ্লের ক্রিস মার্টিনের তত্ত্বাবধানে আয়োজিত প্রথম বিশ্বকাপ ফাইনাল হাফটাইম শোতে তাদের স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত।’ তিনি আরও বলেন, ‘১৯ জুলাই ২০২৬-এ নিউইয়র্ক-নিউ জার্সিতে ফুটবলের সবচেয়ে বড় ম্যাচের সঙ্গে এই আয়োজন শুধু বিনোদনই দেবে না, বরং শিশুদের শিক্ষা ও ফুটবলের সুযোগ বাড়ানোর বার্তাও ছড়িয়ে দেবে। এটি হবে ফুটবল, ঐক্য ও মানবতার উদযাপন।’ বিশ্বজুড়ে শিশুদের কাছে শিক্ষা ও আনন্দ পৌঁছে দেওয়া জনপ্রিয় চরিত্র সিসেম স্ট্রিট ও দ্য মাপেটসের চরিত্রগুলোকেও এই অনুষ্ঠানে দেখা যাবে। আয়োজকদের মতে, এর মাধ্যমে শিশুদের শিক্ষার গুরুত্ব আরও জোরালোভাবে তুলে ধরা হবে। ম্যাডোনা বলেছেন, ‘শিশুরা যদি শিক্ষার সুযোগ না পায়, তাহলে তারা জীবনের সুযোগ থেকেও বঞ্চিত হয়। তাই এই উদ্যোগের অংশ হতে পেরে আমি গর্বিত।’