বাংলাদেশ জাতীয় দলের কোচ জার্মান বংশোদ্ভূত আমেরিকান কোচ ডুলির সঙ্গে সহকারী হিসেবে যোগ দিয়েছেন মার্ক ব্রুনো। থমাস ডুলির হাত ধরে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াই। এই ম্যাচকে সামনে রেখে পুরোদমে প্রস্তুতি ক্যাম্পে নেমে পড়ছেন ফুটবলাররা। এই অনুশীলন সেশনের মধ্য দিয়েই মূলত ডুলি যুগের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছে। নতুন কোচের কৌশল ও দর্শনের সঙ্গে মানিয়ে নিতে খেলোয়াড়দের জন্য আগামী কয়েকটি দিন বেশ গুরুত্বপূর্ণ। দলের প্রধান কোচের পাশাপাশি সহকারী কোচ হিসেবেও এবার নতুন বিদেশি মুখ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইতালিয়ান-কানাডিয়ান নাগরিক মার্ক ব্রুনোকে এই পদে আনা হয়েছে।
ব্রুনো রোববার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন। ইতোমধ্যেই ব্রুনো টিম হোটেলে বিশ্রাম শেষে দলের অনুশীলনে যোগ দিয়েছেন। জাতীয় দলের সহকারী কোচের পদটি নিয়ে বেশ কিছুদিন ধরেই দেশের ক্রীড়ামোদীদের মধ্যে নানা আলোচনা চলছিল। বিদায়ী কোচ হাভিয়ের কাবরেরার অধীনে টানা চার বছর সহকারী হিসেবে কাজ করেছেন সাবেক অধিনায়ক হাসান আল মামুন। কাবরেরা চলে যাওয়ার পর ফুটবল সমর্থকদের জোরালো দাবি ছিল হয় মামুনকে বিদায় করা হোক, নয়তো একজন মানসম্মত বিদেশি সহকারী কোচ নিয়োগ দেয়া হোক। বাফুফে সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, মূলত নতুন হেড কোচ থমাস ডুলির বিশেষ চাহিদা ও নির্দেশনা মেনেই মার্ক ব্রুনোকে দলের সঙ্গে যুক্ত করা হয়েছে।