আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন স্পেন। সোমবার কোচ লুইস ডে লা ফুয়েন্তে এ দল ঘোষণা করেন। তবে ঘোষিত এই স্কোয়াডে বার্সেলোনা থেকে রেকর্ড আট জন খেলোয়াড় জায়গা পেলেও রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলারই দলে জায়গা পায়নি। এছাড়া গত ইউরোতে দলকে নেতৃত্ব দেওয়া অভিজ্ঞ স্ট্রাইকার এবং নিয়মিত অধিনায়ক আলভারো মোরাতাকেও রাখা হয়নি এবারের স্কোয়াডে। এদিকে ইনজুরিতে থেকেও দলে ডাক পেয়েছেন লামিন ইয়ামাল।
আক্রমণভাগে তরুণদের ওপর ভরসা রাখতে গিয়েই দে লা ফুয়েন্তে নিয়েছেন এই কঠিন সিদ্ধান্ত। অন্যদিকে, পায়ের হাড় ভেঙ্গে যাওয়ায় গত সপ্তাহে সফল অস্ত্রোপচার হওয়া বার্সেলোনার অলিম্পিক হিরো ফের্মিন লোপেজও অনুমিতভাবেই ছিটকে গেছেন দল থেকে। তবে সবচেয়ে বড় অস্বস্তির খবর হলো, স্কোয়াডের মূল চালিকাশক্তি লামিন ইয়ামাল ইনজুরির কারণে কেপ ভার্দের বিপক্ষে স্পেনের উদ্বোধনী ম্যাচে সম্ভবত মাঠের বাইরেই থাকবেন। উল্লেখ্য, আগামী ১৪ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন। গ্রুপ ‘এইচ’-এ তাদের বাকি দুই প্রতিপক্ষ সৌদি আরব এবং উরুগুয়ে।
২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড: গোলরক্ষক: উনাই সিমন, ডেভিড রায়া ও জোয়ান গার্সিয়া।
ডিফেন্ডার: মার্ক কুকুরেয়া, আলেহান্দ্রো গ্রিমালদো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক পুবিল, এরিক গার্সিয়া, মার্কোস ইয়োরেন্তে ও পেড্রো। মিডফিল্ডার: পেদ্রি, ফ্যাবিয়ান রুইজ, মার্টিন জুবিমেন্ডি, গাভি, রদ্রিগো হার্নান্দেজ (রদ্রি), অ্যালেক্স বায়েনা ও মিকেল মেরিনো। ফরোয়ার্ড: মিকেল ওয়ারজাবাল, দানি অলমো, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, ফেররান তোরেস, বোর্হা ইগলেসিয়াস, ভিক্টর মুনোজ ও লামিনে ইয়ামাল।