ভেন্যূ সংক্রান্ত জটিলতার মোহামেডান ও বসুন্ধরা কিংসের মধ্যকার ফাইনাল ম্যাচটি অনিশ্চয়তায় পড়েছে। আজ মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভেন্যূটি বসুন্ধরা কিংসের হোম ভেন্যূ হওয়ায় আপত্তি জানিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। গত ১২ মে কিংসের বিপক্ষে মোহামেডান ওই মাঠে খেলবে না বলে যে চিঠি দিয়েছিল বাফুফেকে, সেই সিদ্ধান্তে অনড় রয়েছে সাদাকালোরা।

সোমবার বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ফাইনাল নিয়ে জরুরি আলোচনায় বসেছিলেন মোহামেডানের পরিচালক (ক্রীড়া) মোস্তাকুর রহমানের সাথে। তবে আলোচনা ফলপ্রসু হয়নি। তাই মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্টের ফাইনাল অনিশ্চিতই হয়ে পড়েছে। তাবিথ আউয়ালের সাথে আলোচনা করে বাফুফে ভবন থেকে বের হয়ে মোহামেডানের পরিচালক মোস্তাকুর রহমান বলেছেন, আমি ক্লাবের পক্ষ থেকে বাফুফে সভাপতিকে জানিয়ে দিয়েছি কিংস অ্যারেনায় আমাদের পক্ষে ফাইনাল খেলা সম্ভব না। বিকল্প হিসেবে যে কোনো নিরপেক্ষ ভেন্যু নির্ধারণের অনুরোধ করেছি। এখন বাফুফে কী করবে, সেটা তাদের বিষয়।

মোস্তাকুর রহমান বলেন, ওই মাঠে অতীতে মোহামেডান যত প্রতিকূলতার মধ্যে পড়েছিল, সবই অবহিত করেছি সভাপতিকে। তিনি কোথায় খেলা হবে সভাপতি তাৎক্ষণিক কিছু বলেননি। অন্যদের সাথে আলোচনা করে জানাবেন বলেছেন। আপাতত এ পর্যন্তই আছে ইস্যুটা। বাফুফের বৈঠকে উপস্থিত ছিলেন কিংসের কোচ বায়েজিদ আলম জোবায়ের নিপু। ফুটবলের স্বার্থে তারা যেকোনো ভেন্যুতে খেলতে রাজি। তিনি বলেন, ‘খেলাধুলার স্বার্থে আমরা যেকোনো ভেন্যুতে, যেমন ধরেন চ্যালেঞ্জ কাপ হয়েছে কুমিল্লায়, সেখানে কিন্তু এটা এটা চ্যালেঞ্জ কাপের মাঠটা হচ্ছে মোহামেডানের ভেন্যু, সেক্ষেত্রে আমরা খেলেছি। আমরা একটুও বলি নাই যে আমরা ওই মাঠে খেলবো না। মাঠ আমাদের চেয়ে অনেক খারাপ ছিল, আমরা সবসময় ভালো মাঠে প্র্যাকটিস করি। এই জিনিসগুলো কিন্তু এটা ফুটবলের স্বার্থে আমাদের করতে হচ্ছে।’ এখন বাফুফে কী করবে? জানতে যোগাযোগ করা হলে বাফুফের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হাসেন চৌধুরীকে ফোন দিলেও পাওয়া যায়নি।