আবাহনীকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। গতকাল কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে কিংস ২-০ গোলে আবাহনীকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন হওয়া। গোল করেছেন ব্রাজিলিয়ান ডরিয়েলটন ও সোহেল রানা। লিগের সতেরতম রাউন্ডে কিংস ও আবাহনীর লড়াই ছিল দুই দলেরই লিগ শিরোপা উদ্ধারের মহারণ। সমীকরণ এমন ছিল যে, কিংস জিতলেই চ্যাম্পিয়ন। আর আবাহনী জিতলে টিকে থাকতো সম্ভাবনা। কিংস সে সুযোগ দেয়নি। আকাশি-নীলদের দ্বিতীয়ার্ধে করা দুই গোলে হারিয়ে শিরোপা উদযাপন করে। ২০১৮ সালে শীর্ষ লিগে নাম লেখানোর পর কিংস টানা পাঁচবার চ্যাম্পিয়ন হয়ে ঘরোয়া ফুটবলে করেছিল নতুন রেকর্ড। তবে গত মৌসুমে তাদের সেই শিরোপা ছিনিয়ে নিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান। এবার মোহামেডান আগেই ছিটকে যায় শিরোপার দৌড় থেকে। এক পয়েন্টের ব্যবধান নিয়ে কুমিল্লায় মুখোমুখি হয়েছিল কিংস ও আবাহনী। ম্যাচটি ড্র হলেও আবাহনীর জন্য শিরোপা জেতা কঠিন হতো। তবে কোনো সমীকরণে আর যেতে দেয়নি কিংস। ম্যাচটি জিতেই পৌছে যায় লক্ষ্যে। খেলার ৭৫ মিনিটে কিংসের ফয়সাল আহমেদ ফাহিম বল নিয়ে আবাহনীর বক্সে ঢুকলে তাকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ডরিয়েলটনের নিঁখুত শটে লিড নেয় কিংস। দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে কিংস। বক্সের মাথায় বল পেয়ে সোহেল রানা কাঁপিয়ে দেন আবাহনীর জাল। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শিরোপা জিতে ঘরে ফিরছে কিংস। আবাহনীর আরেকটি মৌসুম অতিক্রম হতে যাচ্ছে হতাশায়। ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর আবাহনী সমর্থকদের প্রত্যাশা লিগ নিয়ে। এক ম্যাচ হাতে থাকতে সেই আশায়ও বালি ঢেলে দিয়েছে কিংস। ২০১৮-১৯ মৌসুম থেকে টানা পাঁচবার লিগ জয়ের কীর্তি গড়েছিল বসুন্ধরা কিংস। তবে গত মৌসুমে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে শিরোপা হারানোর পর এবার আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করল দলটি। অন্যদিকে আবাহনীর লিগ শিরোপার অপেক্ষা আরও দীর্ঘ হলো। সর্বশেষ ২০১৭-১৮ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল আকাশি-নীলরা। এরপর থেকে প্রতিবারই হতাশা নিয়েই মৌসুম শেষ করতে হচ্ছে দেশের অন্যতম সফল এই ক্লাবকে।