বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে টানা দুই জয়ের পর আবারও হেরেছে দেশের ঐতিহ্যবাহি ক্লাব মোহামেডান স্পোর্টিং লিমিটেড। গতকাল বৃহস্পতিবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে অনুষ্টিত ম্যাচে কুমিল্লায় বসুন্ধরা কিংসের বিপক্ষে ২-১ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। অথচ ম্যাচে প্রথম গোলটি করেছিল মোহামেডানই। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্টিত ব্রাদার্স ও আরামবাগ ক্রীড়া সংঘের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। লিগের শিরোপা জয়ের লড়াইয়ে টিকে থাকতে ম্যাচটি যতটা না গুরুত্বপূর্ণ ছিল মোহামেডানের জন্য, তার চেয়ে অনেক বেশি বসুন্ধরা কিংসের। বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা উদ্ধারের দৌঁড়ে বড় বাঁধা ছিল মোহামেডান। সেই বাঁধা টপকে পাঁচবারের চ্যাম্পিয়ন কিংস পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরো মজবুত করলো। আক্রমণ পাল্টা আক্রমনে ম্যাচটি শুরু হলেও মাত্র ২৮ মিনিটে উজবেকিস্তানের মোজাফফরভের গোলে এগিয়ে গিয়েছিল মোহামেডান। কিংসের রিমন হোসেন ও বিশ্বনাথ ঘোষকে ড্রিবল করে আলতো টোকায় বল বক্সের দিকে বাড়ান মোহামেডানের সাইফুল হোসেন। বল পেয়ে মুহূর্তেই পোস্টের কোনাকুনি দিয়ে জাল কাঁপান উজবেক মিডফিল্ডার মোজাফফরভ। গোল হজমের পর আক্রমণে ধার বাড়ায় কিংস। তাতে গোলও পেয়ে যায় প্রথমার্ধের যোগ করা সময়ে। রাকিব হোসেনের পাস থেকে পাওয়া বল জালে ঠেলেই উদযাপনে মাতেন ফয়সাল আহমেদ। তার আগে ৪৪ মিনিটে এক ফাউলকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হলুদ কার্ড দেখেন কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ।
বিরতির পর ৬১ মিনিটে মোহামেডানের এলোমেলো রক্ষণের কারণে সুযোগ পান কিংসের শাহরিয়ার ইমন, তবে সেটি তিনি পোস্টের বাইরে মেরে নষ্ট করেন। ৬৭ মিনিটে সুযোগ হারায় মোহামেডানও। বক্সে প্রতিপক্ষ দুই ডিফেন্ডারকে পেয়েও নিশানায় বল পাঠাতে পারেননি সৌরভ। এর এক মিনিট পর ফয়সালের পাস থেকে গোল করে কিংসকে এগিয়ে দেন দরিয়েলতন গোমেজ। এ নিয়ে চলতি মৌসুমে লিগে ১৩ ম্যাচে ১৫ গোল করেছেন এই ব্রাজিলিয়ান। মোহামেডান আগেই শিরোপা ধরে রাখার আশা ছেড়ে দিয়েছে। মাঝে কোচ আলফাজকে বরখাস্ত করে আবদুল কাইয়ুম সেন্টুকে দায়িত্ব দিয়েছে টিম ম্যানেজমেন্ট। সেন্টু দায়িত্ব নেয়ার পর লিগে ২ ও ফেডারেশন কাপে এক ম্যাচ জিতেছে সাদাকালোরা। তবে অপেক্ষাকৃত শক্তিশালী কিংসের কাছে হারতে হলো তাদের।
লিগের পয়েন্ট টেবিলে ১৫ ম্যাচ শেষে ১০ জয় আর ৪ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটা আরও পোক্ত করেছে বসুন্ধরা কিংস। অপরদিকে ম্যাচটি জিতলে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে ওঠার সুযোগ ছিল মোহামেডানের। হেরে যাওয়ায় পয়েন্ট থাকলো ১৭ এবং অবস্থান আগের মতোই ছয়ে। এদিকে মুন্সিগঞ্জে অনুষ্ঠিত ব্রাদার্স ও আরামবাগ ক্রীড়া সংঘের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। দুই দলেরই একে অপরকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল। আরামবাগ সেই সুযোগকে ভালোভাবেই কাজে লাগতে পারতো। এক পর্যায়ে ২-০ গোলে লিড নিয়েও তারা ধরে রাখতে পারেনি। ১৪ মিনিটে কিজিতোর গোল এগিয়ে যায় আরামবাগ। বিরতির বাঁশির ঠিক আগ মুহূর্তে ঘানার বেনাশ ব্যবধান দ্বিগুণ করেন। ৫১ মিনিটে পেনাল্টি পেয়ে কাজে লাগান ব্রাদার্সের মহসিন আহমেদ। ৮০ মিনিটে মেরাজ প্রধানের গোলে এক পয়েন্ট পায় ব্রাদার্স। দুই দলেরই সমান ১৪ পয়েন্ট করে সংগ্রহ রয়েছে। তবে গোলগড়ে ব্রাদার্স সাত আর আরামবাগ আটে অবস্থান করছে। ম্যাচটি ড্র হওয়ায় দুই দলই রয়ে গেলে রেলিগেশনের ঝুঁকিতে। পিডব্লিউডি ১৩ আর ইয়ংমেন্স ক্লাব ১০ পয়েন্ট নিয়ে ৯ ও ১০ নম্বরে।