শিরোপা জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর। রিয়াদের আল আওয়াল পার্কে শিরোপার প্রধান প্রতিদ্বন্দ্বী আল হিলালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আল নাসর। ম্যাচের প্রথমার্ধে মোহাম্মদ সিমাকানের করা একমাত্র গোলেই জয় পেতে যাচ্ছিল আল-নাসর। তবে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে গোলরক্ষক বেন্তোর আত্মঘাতী গোলে সমতায় ফেরে হিলাল। গোলরক্ষকের ভুলে ঝুলে থাকলো আল নাসরের শিরোপা ভাগ্য। এই ড্রয়ের পরও ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল নাসর। তবে তাদের হাতে আর মাত্র একটি ম্যাচ বাকি। অন্যদিকে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের হাতে আছে আরও দুই ম্যাচ। শিরোপা জিততে হলে শেষ ম্যাচে দামাস এফসির বিপক্ষে জয়ের বিকল্প নেই আল-নাসরের। আর আল-হিলালকে নিজেদের দুই ম্যাচ জয়ের পাশাপাশি গোল ব্যবধানেও এগিয়ে যেতে হবে। একই সঙ্গে আশা করতে হবে রোনালদোর দলের পয়েন্ট হারানো নিয়ে। পুরো ম্যাচজুড়েই নজরটা ছিল রোনালদোর দিকে। ২০২২-২৩ মৌসুমে সৌদি আরবে যোগ দেয়ার পর এখনো লিগ শিরোপা জিততে পারেননি পর্তুগিজ কিংবদন্তি। ম্যাচ শেষে হতাশ রোনালদোকে নীরবে টানেল দিয়ে মাঠ ছাড়তে দেখা যায়। শুরুতেই আল-হিলালকে এগিয়ে নেয়ার সুযোগ পেয়েছিলেন রোনালদোর সাবেক সতীর্থ করিম বেনজেমা। যদিও তার দুর্বল শট সহজেই ঠেকিয়ে দেন বেন্তো।

প্রথমার্ধে দুই দলই একের পর এক আক্রমণ চালিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালায়। রোনালদো ও সাদিও মানে আল-নাসরের হয়ে গোলের চেষ্টা অব্যাহত রাখেন। অন্যদিকে ১৮ মিনিটে বেনজেমা হেডে বল জালে জড়ালেও সহকারী রেফারির অফসাইডের সিদ্ধান্তে গোল বাতিল হয়।