এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে গত দুই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব ছিল না। এবারই প্রথম নারী ফুটবল লিগের চ্যাম্পিয়ন ঋতুপর্ণাদের রাজশাহী স্টারস অংশগ্রহণ করতে যাচ্ছে। ১৯ মে ছিল এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব রেজিস্ট্রেশনের শেষ দিন। ঐ দিনই রাজশাহী স্টারস রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছে।

নারী ফুটবলে রাজশাহী স্টারস নবাগত দল। ঋতুপর্ণা, রুপনা চাকমাসহ জাতীয় দলের একঝাঁক ফুটবলারদের নিয়ে দল গড়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। শিরোপা জিতে এএফসি আসরে খেলার সুযোগ পেলেও প্রথমে ক্লাবটি অংশ নিতে আগ্রহী ছিলনা। পরবর্তীতে বাফুফে রাজশাহী স্টারকে অনুরোধ করে বিষয়টি পুনঃবিবেচনা করার। শেষ মুহূর্তে তারা খেলার সিদ্ধান্ত নিয়েছেন। রাজশাহী স্টারসের সভাপতি মোখছেদুল কামাল বাবু সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন, ‘আমরা এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলছি। আর এটা বাংলাদেশে খেলতে চাই। বাফুফেকে অনুরোধ করেছি যেন আমরা স্বাগতিক হতে পারি।’ আগামী আগস্টে এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় আসর শুরু হওয়ার কথা রয়েছে।