সব অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে ‘ফুটসাল লিগ বাংলাদেশ ২০২৫-২৬’। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় আজ বৃহস্পতিবার ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে পুরুষ ও নারী বিভাগের এই লিগের প্রথম পর্বের খেলা। এদিন বিকেল ৪টায় শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
উদ্বোধনী দিনেই কোর্টে গড়াচ্ছে তিনটি ম্যাচ। ফিক্সচার অনুযায়ী, বিকেল ৫টায় প্রথম ম্যাচে নারী বিভাগে মুখোমুখি হবে আর্মি (বিএএসসিএল) ও বিকেএসপি। এরপর সন্ধ্যা ৭টায় পুরুষ বিভাগে একই দুই দলের (আর্মি ও বিকেএসপি) লড়াই অনুষ্ঠিত হবে। দিনের শেষ ম্যাচে রাত ৯টায় পুরুষ বিভাগে লড়বে জেনন এফসি ও অ্যাথলেটিক ক্লাব।
আগামী ২৩ মে পর্যন্ত ধারাবাহিকভাবে এই লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। শুক্রবার ও শনিবারের ম্যাচগুলো বিকেল ৩টা থেকে এবং অন্যান্য দিনের ম্যাচগুলো বিকেল ৫টা বা সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে রাত ৯টার ম্যাচ পর্যন্ত চলবে।