জাতীয় অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতে দেশের দ্রুততম মানবের খেতাব ধরে রেখেছেন বাংলাদেশ নৌবাহিনীর ইমরানুর রহমান। অন্যদিকে মেয়েদের ১০০ মিটারে একই প্রতিষ্ঠানের শিরিন আক্তার স্বর্ণ জিতে দ্রুততম মানবীর খেতাব পুনরুদ্ধার করেছেন। তিনি শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করেছেন একই সংস্থার সুমাইয়া দেওয়ানকে হারিয়ে। গতকাল রোববার থেকে জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া জাতীয় অ্যাথলেটিকসে ইমরানুরকে কেউই তেমন চ্যালেঞ্জ জানাতে পারেননি। ১০ দশমিক ৫৮ সেকেন্ড সময় নিয়ে ট্র্যাকে ঝড় তোলেন লন্ডন প্রবাসী এই অ্যাথলেট। জাতীয় ও সামার অ্যাথলেটিকস মিলিয়ে এই নিয়ে ষষ্ঠবারের মতো সেরা হলেন ইমরানুর।
গত আগস্টের সামার অ্যাথলেটিকসে ১০ দশমিক ৬৪ সেকেন্ড টাইমিং করা ইমরানুর এবার নিজের টাইমিংয়ের উন্নতি করলেও ২০২২ সালে গড়া তার ব্যক্তিগত সেরা (১০ দশমিক ২৯ সেকেন্ড) টাইমিং টপকাতে পারেননি। এই ইভেন্টে ১০ দশমিক ৮৬ সেকেন্ড সময় নিয়ে নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল দ্বিতীয় এবং বিমানবাহিনীর নাঈম ইসলাম ১০ দশমিক ৯১ সেকেন্ডে তৃতীয় হয়েছেন।
মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টের দিকে বাড়তি নজর ছিল সংশ্লিষ্টদের। গত বছর সামার অ্যাথলেটিকসে সুমাইয়া দেওয়ানের কাছে শ্রেষ্ঠত্ব হারানো নৌবাহিনীর শিরিন আক্তার এবার টাইমিংয়ে দারুণ উন্নতি করেছেন। ১২ দশমিক ১০ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড ১৭ বারের মতো দ্রুততম মানবী হওয়ার গৌরব অর্জন করেন তিনি। অবশ্য শিরিন তার ২০২২ সালের ব্যক্তিগত সেরা টাইমিং (১১ দশমিক ৯৫ সেকেন্ড) স্পর্শ করতে পারেননি।গত আসরের চ্যাম্পিয়ন সুমাইয়া দেওয়ান এবার ছিলেন একেবারেই বিবর্ণÑ ১২ দশমিক ৪১ সেকেন্ড সময় নিয়ে তিনি চতুর্থ হয়ে দৌড় শেষ করেন। ১২ দশমিক ২৫ সেকেন্ড সময় নিয়ে সেনাবাহিনীর শরিফা খাতুন দ্বিতীয় এবং ১২ দশমিক ৩৪ সেকেন্ডে একই দলের রেখা আক্তার তৃতীয় স্থান অর্জন করেন।