দীর্ঘ ২২ বছর পর বিভাগীয় পর্যায়ের বড় আসরে অংশ নিয়েই চমক দেখিয়েছে ভোলা জেলা মার্শাল আর্ট টিম। নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার মার্শাল আর্ট ইভেন্টে অংশ নিয়ে ৭টি পদক অর্জন করে জেলার ক্রীড়াঙ্গনে নতুন আশার আলো জ্বালিয়েছে ভোলার খেলোয়াড়রা।
গতকাল মঙ্গলবার বরিশালের জীবননাথ স্টেডিয়ামে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টসের বিভাগীয় পর্বে ভোলা জেলা মার্শাল আর্ট টিম কারাতে, উশু, জুডো ও তাইকোয়ানডো- এই চারটি ইভেন্টে অংশগ্রহণ করে। মোট ৯ জন খেলোয়াড়ের অংশগ্রহণে দলটি অর্জন করে ১টি প্রথম স্থান, ৪টি দ্বিতীয় স্থান এবং ২টি তৃতীয় স্থান।
প্রতিযোগিতায় ভোলা ছাড়াও বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা জেলার খেলোয়াড়রা অংশ নেন। শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও ভোলার খেলোয়াড়দের আত্মবিশ্বাসী পারফরম্যান্স দর্শক ও বিচারকদের দৃষ্টি কাড়ে।
ভোলা জেলা মার্শাল আর্ট টিমের সঙ্গে উপস্থিত ছিলেন কোচ আব্দুর রহমান হেলাল ও মোঃ মহিউদ্দিন, সহকারী কোচ মোঃ আব্দুল মোমেন এবং টিম ম্যানেজার মাকছুদুর রহমান পিন্টু।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের অভিজ্ঞ রেফারি ও জাজ লোকমান হাওলাদার, আরিফুল ইসলাম আশিক, সালাউদ্দিন ভূঁইয়া, মোঃ নাসির উদ্দিন, সাইফুল ইসলাম ও রিয়াজ আহমেদ কবির। জুডো ইভেন্টের প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ শামসুর আলম ভূঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন বরিশাল জেলা ক্রীড়া অফিসার মোঃ সাইফুল ইসলাম।
দীর্ঘ বিরতির পর ভোলা জেলা মার্শাল আর্ট টিমের এমন সাফল্যে ক্রীড়াঙ্গনে আনন্দের আবহ তৈরি হয়েছে। ক্রীড়াপ্রেমী দর্শক, সংশ্লিষ্ট সংগঠক ও বিচারকমণ্ডলী ভোলার খেলোয়াড়দের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন।
কোচ আব্দুর রহমান হেলাল ও মোঃ মহিউদ্দিন বলেন, “ভোলা জেলা মার্শাল আর্ট টিমের এই অর্জনের পেছনে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসার মোঃ সাপাতুল ইসলামের সহযোগিতা ও উৎসাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা আশা করি, এই ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে জাতীয় পর্যায়েও ভোলার খেলোয়াড়রা সাফল্য বয়ে আনবে।”