ওমানের মাসকটে অনুষ্ঠিত 'উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬'-এর ফাইনালে কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার ঐতিহাসিক গৌরব অর্জন করেছে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী হকি দল, কোচিং স্টাফ এবং হকি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বৃহস্পতিবার (৩০ জুলাই) এক অভিনন্দন বার্তায় অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ওমানের মাসকটে অনুষ্ঠিত 'উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬'-এর ফাইনালে কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার ঐতিহাসিক গৌরব অর্জন করায় আমি বাংলাদেশ নারী জুনিয়র হকি দল, কোচিং স্টাফ এবং হকি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
তিনি আরও বলেন, ওমানের মাটিতে আমাদের নারী তরুণ হকি খেলোয়াড়দের এই অবিস্মরণীয় জয় পুরো জাতিকে অত্যন্ত গর্বিত ও আনন্দিত করেছে। পুরো টুর্নামেন্টজুড়ে আমাদের অদম্য কন্যাদের চমৎকার পারফরম্যান্স, শৃঙ্খলাপরায়ণতা ও লড়াকু মানসিকতা দেশের জন্য এক অনন্য সম্মান বয়ে এনেছে।
শুভেচ্ছা বার্তায় তিনি প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, মাঠে উপস্থিত থেকে প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক সমর্থন এবং হকি ফেডারেশনের সার্বিক প্রচেষ্টা এই সাফল্যকে আরও অর্থবহ করেছে। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বিজয়ী বাংলাদেশ নারী জুনিয়র হকি দলের সকল সদস্যের উজ্জ্বল ভবিষ্যৎ, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।