আজ শুক্রবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করবেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করবেন। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সম্প্রসারিত ফ্লাইটসূচি ও ভাড়া কমানোর উদ্যোগসহ সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর হজ ফ্লাইট শুরু হচ্ছে।
বিশ্বের অন্যতম বৃহৎ হজযাত্রী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ থেকে এ বছর মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করতে সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী যাবেন। মোট হজযাত্রীর প্রায় ৫০ শতাংশ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে ভ্রমণ করবেন, আর বাকি যাত্রীরা সৌদিয়া ও ফ্লাইনাস ব্যবহার করবেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, এ বছর উদ্বোধনী হজ ফ্লাইট ১৮ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এতে ৪১৯ জন হজযাত্রী থাকবেন। সেদিন মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে ৬টি বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ৩টি সৌদিয়া এবং ৩টি ফ্লাইনাস পরিচালনা করবে। প্রাক-হজ ফ্লাইট চলবে ২১ মে পর্যন্ত। এ সময় মোট ২০৭টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে ১০২টি বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ৭৫টি সৌদিয়া এবং ৩০টি ফ্লাইনাস পরিচালনা করবে। চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৬ মে ২০২৬ পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে ফেরত ফ্লাইট ৩০ মে থেকে শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে।
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সৌজন্য সাক্ষাৎ:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। স্কুলে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার বিষয়াদি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। আতিকুর রহমান রুমন বলেন, শিক্ষার্থীকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সঙ্গে সরকার যৌথভাবে কাজ করবে। বই পড়ার এই কর্মসূচি হবে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল পর্যায়ে। অতিরিক্ত প্রেস সচিব জানান, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে নিয়ে প্রধানমন্ত্রী মধ্যহ্ন ভোজ করেন। এ সময় প্রধানন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।