রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ছিনতাইতারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে গিয়ে আহত সোহেলী ইসলাম সোমা (৪২) মারা গেছেন। বৃহস্পতিবার (১১ জুন) রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার মৃত্যু হয়।
ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার পথে গত ৬ জুন ভোরে ছিনতাইতারীর কবলে পড়েন সোমা। তিনি এসকেএফ ফার্মাসিউটিক্যালসের বিক্রয় কর্মকর্তা ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা। ঢাকার ধানমন্ডির গ্রীন রোড–সংলগ্ন একটি ভাড়া বাসায় থাকতেন।
নিহতের ফুফাতো ভাই সরোয়ার পারভেজ সবুজ জানান, নিজ বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সাহেবপাড়ায় ঈদের ছুটি কাটিয়ে কলেজ পড়ুয়া মেয়েকে নিয়ে ঢাকায় ফিরছিলেন সোমা। ৬ জুন ভোরে বাস থেকে নেমে ব্যাটারিচালিত রিকশায় সেন্ট্রাল রোডের বাসায় ফিরছিলেন মা ও মেয়ে। পথে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের সামনে মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা সোমার হাতব্যাগ ধরে টান দিলে রিকশা থেকে পড়ে ডান হাত ভেঙে যায়, মাথার পেছনে গুরুতর আঘাত পান। কান দিয়ে রক্ত পড়তে শুরু করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সবুজ।
তিনি আরও জানান, পাবনার ঈশ্বরদীতে সোমাকে তার নানার বাড়িতে দাফন করা হয়েছে।
সারওয়ার পারভেজ আরও বলেন, প্রায় দেড় দশক আগে সোহেলির বিবাহবিচ্ছেদ হয়। বছর দুয়েক আগে তাঁর বাবা মারা যান। এর দুই মাস পর মায়েরও মৃত্যু হয়। একমাত্র মেয়েটিকে একা করে এবার চলে গেলেন তিনি।
তবে এই ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত থানায় কোনও অভিযোগ করেননি। নিহতের ময়নাতদন্তও করা হয়নি।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, এমন কোনও ঘটনার বিষয়ে তার থানা-পুলিশ অবগত নয়।