মধুপুর সংবাদদাতা : টাঙ্গাইলের মধুপুর উপজেলায় নিখোঁজের একদিন পর ভুট্টাক্ষেত থেকে ফাতেমা আক্তার (৫) নামে এক শিশু কন্যার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।
নিহত ফাতেমা আক্তার উপজেলার মীর্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকি লেংড়া বাজার এলাকার বাসিন্দা আবু সামার মেয়ে। আবু সামা পেশায় একজন টেইলার্স ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল শনিবার সকাল থেকে নিজ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় ফাতেমা। পরিবারের সদস্যরা দিনভর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।
নিখোঁজের একদিন পর রবিবার বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে শিশুটির লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বর্ণের চেইনের লোভে শিশুটিকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক মাদকাসক্ত চাচাতো ভাইকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।