ফিলিস্তিনীর গাজায় ইসরাইলী বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে গোবিন্দগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি বিক্ষোভ মিছিল বের করে। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইউনিট সদস্য, সাবেক জেলা আমীর গাইবান্ধা ও গোবিন্দগঞ্জ উপজেলার জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার। মিছিলে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী উপজেলা, পৌর ও ইউনিয়নসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

আত্রাই (নওগাঁ) : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলী গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল পালন করেছে আত্রাই উপজেলা ছাত্রদল ও মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদল।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মেইন গেইটে উক্ত অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল পালন করা হয়। এসময় নির্যাতিত গাজাবাসীর প্রতি একাত্মতা প্রকাশ করে মুখে কালো পতাকা বেঁধে অবস্থান তারা।

সাদুল্লাপুর : ফিলিস্তিনে ইসরাইলী বর্বরতার প্রতিবাদে সারা দেশের ন্যায় সাদুল্লাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখার উদ্যোগে বিশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিল ও সমাবেশে জামায়াত শিবিরের নেতাকর্মী ও সর্বস্তরের কয়েক হাজার তৌহিদী জনতা অংশগ্রহণ করে। গত সোমবার সাদুল্লাপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি গাইবান্ধা-৩(সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম ও উপজেলা আমীর মো. এরশাদুল হক ইমনের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল যে ধ্বংস ও হত্যাযজ্ঞ চালাচ্ছে তা ইতিহাসের জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন। এ পরিস্থিতিতে জাতিসংঘ, ওআইসি এবং আরব লীগসহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর ভূমিকায় হতাশা প্রকাশ করেন বক্তারা। সমাবেশ থেকে অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জাতিসংঘসহ মুসলিম দেশগুলোর সরকার ও রাষ্ট্র প্রধানদের প্রতি আহ্বান জানান।

রাজৈর(মাদারীপুর) : ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলা বন্ধ ও সাধারণ ফিলিস্তিনী শিশু ও নারীদের হত্যার প্রতিবাদে গত সোমবার বিকালে রাজৈর ও টেকেরহাটে সাধারণ জনতার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। টেকেরহাট বাসস্ট্যান্ড ও রাজৈর থানার মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন ব্যাবসায়ী নূর হোসেন ঢালী, সাংবাদিক এস এম ফেরদাউস হোসাইন, মাওলানা ইকবাল ফরায়েজী, মাস্টার তানভির হোসেন, মাওলানা আবু হুরায়রা, অধ্যাপক ফাইজুর রহমান মামুন, মাওলানা মাহমুদুল্লাহ, ফখরুল ইসলাম, মুফতি আরিফ বিল্লাহ প্রমুখ। বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।