আবদুল হাই ইদ্রিছী, কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। টিউবওয়েলে পানি ওঠা বন্ধ হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানির অভাবে গবাদিপশু পালন ও সংসারের কাজকর্মও বাধাগ্রস্ত হচ্ছে। কমলগঞ্জের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, পানির স্তর নিচে নামার কারণে হ্যান্ড টিউবওয়েলে পানি উঠছে না। এবং এটি বরোর মৌসুম হওয়াতে এসময় প্রচুর পানির চাহিদা, মূলত সেচ কাজে প্রচুর পানি ব্যবহার হওয়াতে এই সমস্যা হচ্ছে। তবে বৃষ্টি হলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশা করছে তারা।

সরেজমিনে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, অধিকাংশ গ্রামের হ্যান্ড টিউবওয়েলে পানি উঠছে না। ফলে মানুষ চমর দুর্ভোগের মধ্যে রয়েছে। বিভিন্ন জায়গায় সেচ কাজের ব্যবহৃত ডিপটিউবওয়েল থেকে কলস, বালতি ও হাড়িতে করে সাংসারিক কাজের জন্য পানি আনতে দেখা গেছে। এই সমস্যার কারণ হিসাবে অনেকেই বরো ক্ষেতের জন্য নিয়মনীতির পরোয়া না করে যত্রতত্র ডিপটিউবওয়েল বসানোকে দায়ী করছেন।

উপজেলার পতনউষার ইউনিয়নের সোনারগাঁও (বলরামপুর) গ্রামের মিজানুর রহমান বলেন- সেচের জন্য যে নলকূপগুলো বসানো হয়েছে সেগুলো কোন নিয়ম মেনে বসানো হয়নি। এগুলো গভীর নলকূপ হওয়া কথা থাকলেও অধিকাংশ নলকূপই অগভীর এজন্য পানির লেয়ার নীচে নামায় হ্যান্ড টিউবওয়েলে পানি পাওয়া যাচ্ছে না। তিনি বলেন- এবিষয়ে আমরা কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রায় অর্ধশতাধিক ভুক্তভোগী মানুষের সাক্ষরিত ও পতনউষার ইউপি চেয়ারম্যান অলী আহমদ খানের সত্যায়নকৃত একটি লিখিত অভিযোগ প্রদান করেছি।