গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায় প্রকল্প) বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন,অ্যাডাম সিমপ্লেটন, ইউএনডিপি প্রতিনিধি ও এভিসিভি প্রকল্পের পরামর্শক ড: মোহাম্মদ তারিকুল ইসলাম, এভিসিভি প্রকল্পের পরামর্শক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির, এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)এম. রকিবুল হাসান, এছাড়া সভায় বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারবৃন্দ, জেলা সমাজসেবা কর্মকর্তা, নারী বিষয়ক কর্মকর্তা এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় গ্রাম আদালত কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে বিচার প্রক্রিয়া সহজীকরণ, সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতকরণ এবং তৃণমূল পর্যায়ে সেবার মান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন এবং সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, গ্রাম আদালত ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, উন্নয়ন সংস্থা এবং বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে সাধারণ মানুষের বিচারপ্রাপ্তি সহজ হবে এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গতি আসবে।