ধুনট (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার ধুনটে বিস্ফোরক আইনের একটি মামলা ও বিএনপির সাবেক এমপির গাড়ি ভাংচুরের মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গোপালনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন সরকারকে (৭৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার বাঁশপাতা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোলাম হোসেন সরকার ওই গ্রামের মৃত বছির উদ্দিন সরকারের ছেলে।
থানা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর দুপুরে ধুনট শহরের কলাপট্টি এলাকায় নির্বাচনী গণসংযোগে অংশ নেন বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। এসময় আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অতর্কিতভাবে গোলাম মোহাম্মাদ সিরাজের গাড়ি বহরে হামলা চালায়। ওই ঘটনায় ২টি জিপ গাড়ি, ২টি মাইক্রোবাস ভাঙচুর এবং ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় গত বছরের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।