চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গায় ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ ও একই সঙ্গে ঈদ-উল-আযহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সীমান্ত দিয়ে গরু পাচার প্রতিরোধে নজরদারি আরও জোরদার করেছে ৫৮ বিজিবি ব্যাটালিয়ন।

মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান শুক্রবার (১৭ এপ্রিল) বেলা আনুমানিক ১১টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, যশোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬০০ কিলোমিটার দায়িত্বপূর্ণ এলাকার এই বিস্তৃর্ণ সীমান্তে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যশোর অঞ্চলের অধীনে ৭টি ব্যাটালিয়ন রয়েছে এবং উক্ত ব্যাটালিয়ন সমূহের ১১৬টি বিওপির মাধ্যমে প্রতিদিন ৪৬৪টি টহল পরিচালনার মাধ্যমে সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রম চলমান রয়েছে। সাম্প্রতিক সময়ে ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ,পাচার এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রতিরোধের লক্ষ্যে বিজিবি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। একই সঙ্গে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সীমান্ত দিয়ে গরু পাচার প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নর দায়িত্বপূর্ণ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা এবং চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় নিয়মিত বিশেষ তল্লাশি ও নজরদারি কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকার ২টি উপজেলা সীমান্তবর্তী এবং ব্যাটালিয়ন সংলগ্ন ১০টি পেট্রোল পাম্পে কঠোর নজরদারি ও বিশেষ তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সমন্বয় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ : গ্রাম আদালত ব্যবস্থাকে আরও কার্যকর ও জনমুখী করতে স্থানীয় পর্যায়ে প্রচার-প্রচারণা জোরদারের লক্ষ্যে ঝিনাইদহে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ, স্থানীয় সরকারের সহকারী পরিচালক আমিনুল ইসলাম, জেলা তথ্য অফিসার আব্দুর রউফ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মুন্সী ফিরোজা সুলতানা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বিলকিস আফরোজসহ অন্যান্যরা।

সংঘর্ষে ১০ জন আহত

ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ১০ জন। শুক্রবার সকালে উপজেলার পৌর খালধারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের রিপন হোসেন সকালে গ্রামের শাহজাহানের দোকানে চা পান করতে যায়। পুর্বের বাকি থাকা টাকা না দেওয়ায় নতুন করে বাকিতে চা দিতে অস্বীকার করে দোকানী শাহজাহান। এ নিয়ে রিপন ও শাহজাহানের মধ্যে তর্ক-বির্তক ও হাতাহাতি হয়। এরই জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে আহত হয় অন্তত ১০ জন। সেখান থেকে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

নবাবগঞ্জ (ঢাকা) : ঢাকার নবাবগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন, দেশীয় অস্ত্রসহ সেন্টু ভূইয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার পুরাতন বান্দুরা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সেন্টু ভূইয়া মোলাশীকান্দা গ্রামের সমির ভূইয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পুরাতন বান্দুরার নিখিল গমেজের বাড়ির উত্তর পাশে একটি রান্নাঘরে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী সেন্টু ভূইয়াকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১ হাজার ৭৫০ পিস ইয়াবা, ৫০ গ্রাম হেরোইন, ৩টি চাপাতি, ১টি দা, ১টি ছুরি, ৩টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এবং ২টি বডি-ওয়ার্ন ক্যামেরা উদ্ধার করা হয়।

শতাধিক ফুটবল বিতরণ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) : কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মাদক জীবন ধ্বংস করে, খেলাধুলা শরীর-মন চাঙা রাখে’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে শতাধিক ফুটবল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে চিওড়া ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের প্রত্যেক গ্রামের পাড়া-মহল্লার তরুণদের মাঝে ফুটবলগুলো বিতরণ করেন সাবেক ছাত্রনেতা ও জাতীয় সামাজিক সংগঠন আনন্দ সংঘের প্রতিষ্ঠাতা আল আমিন রাসেল। এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা খবির আহমেদ মজুমদার, সাবেক ছাত্রনেতা ওসমান আজাদ, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আবদুস সাত্তার, ব্যাংকার ওসমান গনি, মানবাধিকার কর্মী পলাশ খান, এনসিপির চৌদ্দগ্রাম উপজেলা যুগ্ম সমন্বয়ক সালাউদ্দিন খান রাজিব, সদস্য খালেদ রায়হান, ব্যবসায়ী নাজমুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সাবেক ছাত্রনেতা আল আমিন রাসেলের উদ্যোগে ফুটবল পেয়ে খুশি তরুণরা।

ভর্তি পিকআপ জব্দ

চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কয়লা ভর্তি একটি পিকআপ জব্দ করা হয়েছে। জব্দকৃত কয়লা ২৬ মণ ১৫ কেজি। গত ১৬ এপ্রিল রাতে উপজেলার গাতাবলা এলাকায় বন বিভাগের কালেঙ্গা বিটের কর্মকর্তা আল-আমিনের নেতৃত্বে একদল বন প্রহরী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে পাচার সময় পিকআপ কয়লা জব্দ করেছে। বিষয়টি নিশ্চিত করে জেলা সহকারী বন কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, কালেঙ্গা বিটের টহলদল পিকআপ ভর্তি কয়লা জব্দ করে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলা হয়েছে।

মতবিনিময় সভা

মতলব (চাঁদপুর) : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে সর্বস্তরের জনগণের সঙ্গে মেয়র প্রার্থী নূরুল হক সরকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ এপ্রিল বিকেলে ৬ নম্বর ওয়ার্ডের জিনিয়া চৌরাস্তা মোড়ে এ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র পদপ্রার্থী নূরুল হক সরকার বলেন, “আমি নির্বাচিত হলে পৌরসভায় ন্যায়বিচার প্রতিষ্ঠা করব। সন্ত্রাস ও মাদকমুক্ত একটি আধুনিক ও নিরাপদ পৌরসভা গড়ে তোলা হবে।” তিনি এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন, ছেঙ্গারচর পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হান্নান লস্কর, জেলা যুবদল নেতা আবু তাহের সুমন, মো. ইব্রাহীম, যুবদল নেতা মো. হৃদয় মিয়াজী, জিয়াউল হক, মো. ইদ্রিস মিয়া, মো. আলী আজ্জম, মো. নূরে আলম, মো. শাকিল বেপারী, মো. কবির হোসেন ও মো. মুজাম্মেল বেপারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

আলীকদম (বান্দরবান) : বান্দরবানের আলীকদমে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেল চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) বেলা আনুমানিক ১১টা ৫০ মিনিটে আলীকদম-পোয়ামুহুরী সীমান্ত সড়কের ৪নং কুরুকপাতা ইউনিয়নের কচুরছড়া ব্রিজের (১নং ভিউ পয়েন্ট) পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুরুকপাতা বাজার থেকে দুইজন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল আলীকদম সদরের দিকে আসছিল। পথিমধ্যে কচুরছড়া ব্রিজের কাছে পৌঁছালে হঠাৎ চালকের চোখে পোকা পড়লে তিনি নিয়ন্ত্রণ হারান। এসময় মোটরসাইকেলটি রাস্তার পাশের পাহাড়ে সজোরে ধাক্কা খায়। এতে চালকসহ মোট তিনজন আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় একটি সিএনজি চালক আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরোহী লাংতুব মুরং (৭০) মৃত্যুবরণ করেন। নিহত লাংতুব মুরং লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লাইল্যাপাড়ার লুনওয়াই মুরং-এর ছেলে।