বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের বড়লেখায় দুই যুবককে ভারতে পাচারের অভিযোগে মানবপাচার আইনে করা মামলার প্রধান আসামী সাবেক ইউপি সদস্য সরফ উদ্দিন নবাবকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। শনিবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার ডিমাই বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে নবাবকে বড়লেখা থানা পুলিশের কাছে সোপর্দ করে র‌্যাব। রোববার দুপুরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার রোববার বিকেলে বলেন, মানবপাচার আইনে এক নারীর করা মামলার প্রধান আসামী সাবেক ইউপি সদস্য সরফ উদ্দিন নবাবকে র‌্যাব-৯ গ্রেপ্তার করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভারতীয় মদসহ গ্রেপ্তার ১: মৌলভীবাজারের বড়লেখায় ৫০ বোতল ভারতীয় মদসহ আলাউদ্দিন আলাই (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শাহবাজপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন সুরমা কমিউনিটি সেন্টারের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আলাই উপজেলার পুকুরিয়া গ্রামের তমছির আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শনিবার রাতে শাহবাজপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন সুরমা কমিউনিটি সেন্টারের পাশে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে আলাউদ্দিন আলাইকে গ্রেপ্তার করে। পরে পুলিশ দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৫০ বোতল ভারতীয় মদ জব্দ করে। যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার মদসহ একজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রোববার বিকেলে বলেন, ধৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে আজ (রোববার) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আশাশুনিতে মাটির নিচ থেকে ব্যবসায়ীর লাশ উত্তোলন

আশাশুনি(সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের একসরা গ্রামে মাটির নিচে পুঁতে রেখে গুমকরা ব্যবসায়ীর লাশ উত্তোলন করেছে থানা পুলিশ। রোববার বিকালে এ লাশ উত্তোলন করা হয়। আশাশুনি থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন জানান, যশোর কোতোয়ালি থানার ৯৬(২৬)০৩/২৫ নং মামলার আসামী আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের তালতলা বাজার কুড়িকাহুনিয়া গ্রামের হবি গাজীর ছেলে মোঃ সবুজ ওরফে রবিউল (৩৫) এর স্বীকারোক্তি অনুযায়ী আনুলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আসামী মোঃ সবুজ এর শ্বশুর মোহাম্মদ খোকন মোল্যার বসতবাড়ি সংলগ্ন মৎস্য ঘেরের ভেড়ির পাশে মাটির নিচে পুঁতে রাখা রেজাউল ইসলামের লাশ বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করা হয়।