গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের স্কুল ছাত্র সাব্বিরকে (১৬) অপহরণের পর হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
আজ বুধবার ১২টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়ক ও ঢাকা-রংপুর মহাসড়কে ঘন্টাব্যাপী শত শত যানবাহন আটকা পড়ে। এতে দূরপাল্লার যাত্রীরা সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েন।
সম্প্রতি সাব্বিরের দুই বন্ধু মিলে তাকে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় ঢাকা-দিনাজপুর মহাসড়কে তার ভগ্নিপতি ইউনুস আলীর হাতে তুলে দেয়। তখন তার সাথে থাকা ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তি মিলে তাকে জোরপূর্বক অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। সন্ধ্যায় সাব্বির বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় অনুসন্ধান শেষে অভিযুক্ত দুই বন্ধুর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দু’জন স্বীকার করে টাকার বিনিময়ে তারা সাব্বিরকে নিয়ে গিয়ে ইউনুস আলীর হাতে তুলে দিয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্ত দু’জনকে আটক করে রাতে থানায় খবর দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়। ১৩ এপ্রিল সকালে সাব্বিরের পিতা মোহাম্মদ আলী বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় অভিযুক্ত ৩ জনসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে একটি অপহরন মামলা দায়ের করেন। ১৫ এপ্রিল দুপুরে উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় টয়লেটের পরিত্যক্ত কুপ থেকে সাব্বিরের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।