গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহরণের ৩দিন পর এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামারের একটি পরিত্যক্ত সেফটি ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটির পরিচয়ে জানা গেছে সে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সাব্বির (১৬)। সাব্বির বিশুবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

মঙ্গলবার সকালে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে সেফটি ট্যাংকের মধ্যে একটি লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, পূর্ব শক্রতার জের ধরে গত শনিবার (১২ এপ্রিল) বিকালে সাব্বিরের দুই বন্ধু মিলে তাকে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় ঢাকা-দিনাজপুর মহাসড়কে আগে থেকে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসের নিকট তার ভগ্নিপতি ইউনুস আলী’র (৩৫) হাতে তুলে দেয়। তখন ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তি মিলে তাকে জোরপূর্বক অপহরণ করে মাইক্রোবাসে তুলে গোবিন্দগঞ্জের দিকে চলে যায়। ঘটনার দিন সাব্বির বাড়িতে না ফিরলে সন্ধ্যায় বিভিন্ন জায়গায় অনুসন্ধান শেষে অভিযুক্ত দুই বন্ধুর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে যে, টাকার বিনিময়ে তারা সাব্বিরকে তার ভগ্নিপতি ইউনুস আলীসহ ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তির হাতে তুলে দিয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্ত দু’জনকে আটক করে রাতে থানায় খবর দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়। পরের দিন রোববার (১৩ এপ্রিল) সকালে সাব্বিরের পিতা মোহাম্মদ আলী বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় অভিযুক্ত ৩ জনসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন।