গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত গজারি বনের ভেতর অভিযান চালিয়ে ছয় ড্রাম চোলাই মদ জব্দ করেছে পুলিশ। এ সময় চোলাই মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পোষাইদ গ্রামে এ অভিযান চালায় শ্রীপুর থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন-মায়া রানী বর্মণ, জোনাকি বর্মণ ও সুকুমার চন্দ্র বর্মণ। পুলিশ জানায়, তারা বনের আশপাশে বসবাস করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পোষাইদ এলাকার গহিন বনের আড়ালে দীর্ঘদিন ধরে একটি চক্র দেশীয় পদ্ধতিতে চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিল। এতে এলাকায় মাদকসেবীদের আনাগোনা বাড়ার পাশাপাশি নানা ধরনের অপরাধের আশঙ্কা তৈরি হয়। বিষয়টি নিয়ে স্থানীয়রা একাধিকবার পুলিশকে অবহিত করেন।

শ্রীপুর থানার এসআই আবুল বাশার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহযোগিতায় বনের ভেতরে অভিযান চালানো হয়। এ সময় ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে রাখা ছয় ড্রাম চোলাই মদ উদ্ধার করা হয় এবং তিনজনকে আটক করা হয়।

থানার ওসি মোহাম্মদ শাহীনুল আলম বলেন, আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।