দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ২০২৫ সালের জানুয়ারি ফেব্রুয়ারি প্রায় দুই মাসেও পাঠ্যপুস্তকের ঘ্রাণ শিক্ষার্থীদের মাঝে পৌঁছেনি। কুমিল্লার দাউদকান্দি উপজেলার ৪৪ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের একই অবস্থা, এতে দুশ্চিন্তায় রয়েছে অভিভাবক শিক্ষার্থী এবং শিক্ষক সহ সুশীল সমাজের লোকজন। দাউদকান্দি উপজেলার প্রায় সকল প্রাইমারি স্কুলে গতকাল সকল বই সরবরাহ সমাপ্ত হয়েছে। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম, ইলিয়টগঞ্জ রা বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক, শ্রীচাইল মোহাম্মদ পুর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ হারুন উর রশিদ তালুকদার ও বায়নগর বাজার গ্রীনফিল্ড মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন ভুইয়া ও সহকারী শিক্ষকবৃন্দ জানান, যেখানে বিগত বছর গুলোতে শিক্ষার্থীরা নতুন পাঠ্যপুস্তক পেয়ে পড়াশোনায় মনোযোগী হতো, কিন্তু এখন নতুন বছরের দুটি মাস শেষের দিকে এখনো বই না পেয়ে সবাই হতাশায় নিমজ্জিত।