মাগুরা সংবাদদাতা: মাগুরায় বাড়ছে কুকুর বিড়ালের আক্রমণ। মিলছে না প্রতিষেধক ইনজেকসান, ভোগান্তিতে মাগুরাবাসী। মাগুরা জেলার প্রত্যন্ত এলাকা হতে প্রতিদিন আসেন প্রতিষেধক ইনজেকসান নিতে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু হাসপাতালে নেই কোন ভ্যাকসিন। সুযোগ পেয়ে অসাধু ব্যবসায়ীরা ৫০০ টাকার ভ্যাকসিন বিক্রি করে ৮০০ টাকায়। চরম ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা দরিদ্র রোগীরা। জীবন রক্ষায় বাধ্য হয়ে তাদেরকে বাইরে থেকে কিনতে হচ্ছে ভ্যাকসিন।
মাগুরা সদর হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন- সরকারি ভাবে ভ্যাকসিন সরবরাহ বন্ধ। সংকট নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করা হয়েছে।
মাগুরা হাসপাতাল তত্ত্বাবধায়ক ডাঃ শামীম কবির জানান- এটি পুরোপুরিভাবে সরবরাহ বন্ধ আছে। স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করা হয়েছে। অফিসিয়ালি চিঠি প্রদান করা হয়েছে। তারা জানিয়েছেন খুব শ্রীঘই এ সমস্যার সমাধান মিলবে।
দু’সপ্তাহ আগে কুকুরের কামড়ে আহত হয় মহম¥দপুর থানার রাড়ীখালি গ্রামের আবুল কালাম। দরিদ্র কৃষকের ছেলে চার জনের সাথে ভাগ করে এক ইনজেকশন পেয়ে থাকে বলে স্থানীয় সাংবাদিকে জানান।
মান্দার বাড়ীয়া গ্রামে ফেলি বিবি (৩২) জানান, রাতে বাড়ি ফেরার পথে কুকুর তাকে কামড় দেয়। মহম্মদপুর স্বাস্থ্য কেন্দ্রে ওষুধ না পেয়ে পরের দিন সকালে মাগুরা হাসপাতালে আসেন। ভ্যাকসিন পাননি। চিকিৎসকরা জানান, বাইরে থেকে কিনতে হবে। বাধ্য হয়ে দোকান থেকে ৮০০ টাকায় কিনেছেন ভ্যাকসিন ।