খুলনা ব্যুরো : খুলনা জেলার রূপসায় দুর্বৃত্তের ছোড়া গুলীতে মেহেদী শেখ (২৮) নামে এক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে রূপসার নৈহাটি দক্ষিণপাড়া হোগলডাঙ্গা বটতলায় নিজ বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে। আহত যুবক মেহেদী শেখ নৈহাটি গ্রামের বাসিন্দা, সাবেক জেলা বিএনপির সদস্য আবু মুসা শেখের ছেলে। পেশায় তিনি একজন মুদি দোকানদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী তার বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় কে বা কারা পেছন দিক থেকে তাকে গুলী করে পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মেহেদীর বাম পায়ে গুলী লাগে বলে জানা গেছে।