চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা: নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখোঁজের তিন দিন পর মো: খোকন (২৭) নামে এক যুবকের অর্ধগলিত ও পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার (৫ এপ্রিল) রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দৌলতপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত খোকন দৌলতপুর গ্রামের মো: ফারুক হোসেনের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা বলেন, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে বাড়ি থেকে বের হন খোকন। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রোববার রাতে দৌলতপুর এলাকায় সাবেক এমপি মাহবুব রহমানের বাড়ির পাশে একটি পরিত্যক্ত স্থানে খোকনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। উদ্ধারকৃত মরদেহটি ছিল অর্ধগলিত এবং শরীরের বিভিন্ন অংশ পোড়া। পুলিশের প্রাথমিক ধারণা, নিখোঁজের পর তাকে অন্য কোথাও পরিকল্পিতভাবে হত্যা করে প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে মরদেহে আগুন দিয়ে এখানে ফেলে রাখা হয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।