চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা : চৌদ্দগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পরিচয়ে বিধবাকে শ^াসরোধে হত্যার চেষ্টা ও এলাকা ছাড়ার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। মারধরের ঘটনায় ভুক্তভোগী মাফিয়া বেগম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছে। উপজেলার কালিকাপুর ইউনিয়নের পরানপুর গ্রামের ছাত্রলীগ নেতা মহিন উদ্দিনের দীর্ঘদিন ধরে এমন কর্মকান্ডে এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বাড়ছে। রোববার মামলার সাক্ষীদেরও হুমকি-ধমকি দেয়ার অভিযোগ উঠেছে মহিন উদ্দিনের বিরুদ্ধে।
জানা গেছে, বিধবা মাফিয়া বেগম ও ছাত্রলীগ নেতা মহিন উদ্দিন পরানপুর গ্রামে পাশাপাশি বাড়ির বাসিন্দা। মহিন উদ্দিন ও তার পিতা আবদুল বারেক মাফিয়া বেগমের স্বামী মরহুম মোসলেম মিয়ার রেখে যাওয়া সম্পত্তির লোভে দীর্ঘদিন যাবৎ জোরপূর্বক জবর দখলের পাঁয়তারা করছে। মাফিয়া বেগমের দুই ছেলে প্রবাসে অবস্থান করায় এবং বাড়িতে উপযুক্ত পুরুষ লোক না থাকায় মহিন উদ্দিন গং মানসিক হয়রানিসহ জুলুম অত্যাচার করে আসছে। ইতোপূর্বে মহিন উদ্দিন গং মোসলেম মিয়ার জায়গা থেকে জোরপূর্বক অন্যায়ভাবে গাছ কেটে নেয়। এতে বাধা দেয়ার চেষ্টা করলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রাখে। স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশ বৈঠক বসলেও মহিন উদ্দিন গং সিদ্ধান্ত মানে না। গত ২২ মার্চ দুপুরে পূর্ব বিরোধের জের ধরে ও পরিকল্পিতভাবে মহিন উদ্দিন গং বাড়ির উঠানে পেয়ে মাফিয়া বেগমকে এলোপাতাড়ি মারপিট ও গলা টিপে ধরে শ^াসরোধে হত্যার চেষ্টা চালায়। এছাড়াও তারা মাফিয়া বেগমের পরনের কাপড় চোপড় টানা হেঁচড়া করে সম্মানহানি করে। পরে স্থানীয় লোকজন আহত মাফিয়া বেগমকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়।