গুইমারা (খাগড়াছড়ি) সংবাদদাতা : তথাগত বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ মহাপরিনির্বান লাভ ও ত্রিস্মৃতি বিজরিত মহান বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে বিশ্ব শান্তি কামনায় ধর্মীয় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১১ মে রবিবার বিকাল ২টায় খাগড়াছড়ির গুইমারা উপজেলার পথাছড়া বুদ্ধ বিহার থেকে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। গুইমারা বুদ্ধ পূর্ণিমা উদযাপন কমিটির আয়োজনে ২৫৬৯তম বুদ্ধাব্দউপলক্ষে আয়োজিত এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী।
শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে দেশ ও সকল জাতিগোষ্ঠীর মঙ্গল কামনায় চলে বিশেষ প্রার্থনা। শিশু-কিশোর থেকে শুরুকরে সকল বয়সী নারী-পুরুষ এতে অংশগ্রহণ করেন গভীর শ্রদ্ধা ও ধর্মীয় উৎসবের আবহে।
গুইমারা বুদ্ধ পূর্ণিমা উদযাপন কমিটির সভাপতি তৈকর্মা বুদ্ধ বিহারের অধ্যক্ষ ওয়েন্না মহাথের ভান্তে বলেন, আজকের এই দিনে গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও একই দিনটিতে মহাপরিনির্বান লাভ করেন। ত্রি-স্মৃতি বিজড়িত আজকের দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বিশেষ দিন।